রাষ্ট্র পরিচালনার মূলনীতি হবে ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’: বিএনপি চেয়ারম্যান
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৯ | অনলাইন সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় গেলে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসকে রাষ্ট্র পরিচালনায় সংবিধানের মূলনীতি হিসেবে গ্রহণ করবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও জানান, জাতি গঠন এবং গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে বিএনপির ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়ন জরুরি। তা বাস্তবায়ন করবে বিএনপি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁও-এ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ইশতেহার ঘোষণাকালে তারেক রহমান এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, স্বাধীনতার পর তলাবিহীন এক ঝুড়ি থেকে সমৃদ্ধ বাংলাদেশের পথে যাত্রা শুরু করে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। ফ্যাসিবাদের পতনের পর নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ তৈরি হয়েছে। এবার বাংলাদেশ পুনর্গঠনের পালা।
তিনি বলেন, বিএনপি একমাত্র দল, যারা দেশের স্বাধীনতা, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী, চব্বিশের গণঅভ্যুত্থানসহ প্রতিটি আন্দোলনকে ধারণ করে।
বিএনপি ক্ষমতায় গেলে দেশে দুর্নীতির বিস্তার রোধ করা হবে বলে জানান তিনি। বিএনপি চেয়ারম্যান বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার যারা আছেন সবার মতামতের ভিত্তিতে বাংলাদেশকে একটি স্বনির্ভর দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। দেশে সুশাসন নিশ্চিতের পাশাপাশি দুর্নীতির বিস্তার রোধ করা হবে।
তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসকে রাষ্ট্র পরিচালনায় সংবিধানের মূলনীতি হিসেবে গ্রহণ করবে বিএনপি। ন্যায়পাল নিয়োগের মধ্যে দিয়ে সুশাসন প্রতিষ্ঠা নিশ্চিত করতে চায় বিএনপি।
