টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে জামায়াত আমিরের আবেগী বার্তা
‘প্রিয় ক্রিকেটপ্রেমী বন্ধুরা, আমি তোমাদের সাথে সমব্যথী’
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের পর্দা উঠেছে আজ (শনিবার)। তবে এই বিশ্বকাপে নেই বাংলাদেশের দল, যা দেশের ক্রিকেটপ্রেমী এবং সমর্থকদের জন্য একটি বড় দুঃখের বিষয়। এই পরিস্থিতিতে ক্রিকেটার এবং সমর্থকদের উদ্দেশে একটি আবেগী বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে তিনি লিখেন, ‘প্রিয় ক্রিকেটপ্রেমী বন্ধুরা, আজ আইসিসি টি-২০ বিশ্বকাপ শুরু হলো। এমন দিনে স্বাভাবিকভাবেই আমাদের চোখ থাকতো টিভি স্ক্রিনে, সবাই অপেক্ষা করতাম টাইগারদের মাঠের লড়াই আর বিজয়ের আনন্দ দেখতে। দুঃখের বিষয়, এই আন্তর্জাতিক মঞ্চে আজ বাংলাদেশের অংশগ্রহণের কথা থাকলেও আমরা সেই অধিকার থেকে বঞ্চিত হয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের ক্রিকেটারদের সাথে জাতিকেও অপমান করা হয়েছে। লাল-সবুজের হয়ে উল্লাস করার মুহূর্ত থেকে আমাদেরকে পরিকল্পিতভাবে দূরে রাখা হলো।’
জামায়াত আমির বলেন, ‘প্রিয় ক্রিকেটার ভাইয়েরা, আমি তোমাদের সাথে সমব্যথী। দেশের মর্যাদা, দেশের স্বপ্নের সাথে কোনো আপোষ নয়। কোনো আধিপত্যবাদী শক্তির কাছে আমরা হার মানতে পারি না। দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশকে আমরা আন্তর্জাতিক ইভেন্টে মর্যাদার আসনে নিয়ে যাবো, ইনশাআল্লাহ। বাংলাদেশ ফিরবে মাথা উঁচু করে- গর্ব নিয়ে, শক্তি নিয়ে, সম্মান নিয়ে।’
পোস্টের শেষে তিনি একটি হ্যাশট্যাগ যোগ করেন, ‘#চলো_একসাথে_গড়ি_বাংলাদেশ’
