একটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অপচেষ্টা চালাচ্ছে: মাহাদী আমিন
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৮ | অনলাইন সংস্করণ
আলোকিত ডেস্ক

একটি রাজনৈতিক দল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পরিকল্পিতভাবে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহাদী আমিন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন, লক্ষ্মীপুরে ভুয়া সিল উদ্ধার এবং রাজধানীর সূত্রাপুরে বিপুল পরিমাণ স্ট্যাম্প উদ্ধারের ঘটনা প্রমাণ করে—নির্বাচনকে সামনে রেখে একটি রাজনৈতিক দল সহিংসতা ও বিশৃঙ্খলার পরিকল্পনা করছে।
এসব কর্মকাণ্ড সুষ্ঠু নির্বাচনি পরিবেশকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলছে মন্তব্য করে তিনি বলেন, এ অবস্থায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ড. মাহাদী আমিন বলেন, বিএনপি চেয়ারম্যান ঘোষিত দলীয় ইশতেহার কেবল একটি নির্বাচনি অঙ্গীকার নয়, বরং বিগত দিনে ভেঙে পড়া রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের রূপরেখা।
