বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বিভাগে নাহিদের আবেদন

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৩ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন একই আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (৮ ফেব্রুয়ারি) নাহিদ ইসলামের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আগামীকাল চেম্বার বিচারপতির আদালতে এই আবেদনের শুনানি হতে পারে।

এর আগে, গত ২ ফেব্রুয়ারি দ্বৈত নাগরিকত্ব এবং তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলাম রিট দায়ের করেছিলেন। তবে, গত ৩ ফেব্রুয়ারি হাইকোর্ট বেঞ্চ রিট সরাসরি খারিজ করে দেয়। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

তারও আগে, ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম এবং বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।