৫ আগস্টের অসম্পূর্ণ কাজ ১২ তারিখ সম্পূর্ণ হবে: জামায়াত আমির

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৮ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১২ তারিখ বার বার ফিরে আসবে না। ৫ আগস্টের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে ১২ তারিখ। যে আকাঙক্ষা নিয়ে রক্ত দিয়েছিল আমার ভাই-বোনেরা, ওই রক্তের ঋণ পরিশোধ করার দিন হলো ১২ তারিখ। এই রক্তের সঙ্গে যারা বেইমানি করবে, ইতিহাস তাদের ক্ষমা করবে না।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও এগারো দলীয় জোট সমর্থিত ঢাকা-১১ আসনের প্রার্থী মো. নাহিদ ইসলামের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনকে সামনে রেখে সারা দেশ এখন জেগে উঠেছে, তরুণরা এরই মধ্যে তাদের রায় দিয়ে দিয়েছে। জনগণ ১২ ফেব্রুয়ারি দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে। হাদি-মুগ্ধদের স্বপ্নের বাংলাদেশ গঠন করা হবে।

তিনি বলেন, আমরা যারা ১৫ বছর আওয়ামী জাহেলিয়াতের যাতাকলে পিষ্ট ছিলাম, এর মধ্যে একটা অংশ মজলুম থেকে জালেম হয়ে উঠেছে। যে সব অপকর্ম আওয়ালীগ করতো, তারাও ৬ তারিখ সকাল থেকে সেসব অপকর্ম শুরু করেছে। আগস্টের ৬ তারিখ থেকে শুরু করে আজ পর্যন্ত যারা অপকর্ম শুরু করেছিল, তারা আর বন্ধ করেনি। আমরা তো এজন্য লড়াই করিনি, রক্ত দেইনি। আমাদের সন্তানদের দাবি ছিল, উই ওয়ান্ট জাস্টিস।

জামায়াত আমির বলেন, একটি দল মাঝে মধ্যে বলে, ক্ষমতায় গেলে দুর্নীতির টুঁটি চেপে ধরবেন। ঋণ খেলাপি, ব্যাংক ডাকাত বগলের নিচে আশ্রয় দিয়ে আপনারা দুর্নীতি বন্ধ করবেন!

আবরার-হাদীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, আবরার ফাহাদ, হাদী তোমাদের কাছে আমরা ঋণী। আমরা সুযোগ পেলে, তোমরা যেমন বাংলাদেশ চেয়েছিলে, তেমনি উদ্বীপ্ত বাংলাদেশ আমরা গড়ে তুলবো।

শাপলা কলিতে ভোট চেয়ে ডা.শফিকুর রহমান বলেন, তরুণ প্রজন্ম, দেশের দায়িত্ব নিতে তৈরি হয়ে যাও। নতুন বাংলাদেশের যে বিমান, সে বিমানের ককপিটে থাকবে নাহিদ ইসলাম। আমরা থাকব প্যাসেঞ্জারের সিটে। আমরা বিশ্বাস করি নাহিদরা দেশকে সঠিক গন্তব্যে নিয়ে যাবে। বাংলাদেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না।

এগারো দলীয় জোট সরকার গঠন করলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা দেন তিনি। জামায়াত আমির বলেন, ইন শা আল্লাহ, ইনসাফের বাংলাদেশের পথে জনগণের রায় আল্লাহর মেহেরবানিতে যদি অর্জিত হয়, তাহলে সেই সরকারে আপনারা নাহিদ ইসলামকে একজন মন্ত্রী হিসেবে দেখবেন।

জাতির ভাগ্য বদলের জন্য ৫টি বছর যথেষ্ট উল্লেখ করে তিনি বলেন, আমরা কোনো ভুল আশ্বাস দেবো না। যা বলবো তা জানপ্রাণ দিয়ে পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা ৫৬ হাজার বর্গমাইলের প্রতি ইঞ্চি মাটির পাহারাদার হবো ইনশাআল্লাহ।

ঢাকা-১১ আসনের ভোটারদের উদ্দেশ্যে ডা.শফিকুর রহমান বলেন, জুলাইয়ে যারা পাহারাদার ছিলেন ১২ তারিখও আপনারা পাহারাদার হবেন। আমাদের কাছে আপনাদের ১টা ভোট গুরুত্বপূর্ণ , আমাদের কাছে ১টা আসনও গুরুত্বপূর্ণ।