বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৯ | অনলাইন সংস্করণ
আলোকিত ডেস্ক

উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। দীর্ঘ প্রতীক্ষিত এ ভোটকে ঘিরে সারা দেশে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সাধারণ ভোটারদের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন—তা নিয়েও কৌতূহল রয়েছে জনমনে।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ স্থায়ী কমিটির সদস্যরা নিজ নিজ নির্বাচনী এলাকায় ভোটাধিকার প্রয়োগ করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থানের পর দেশে ফেরা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসন্ন নির্বাচনে দলকে নেতৃত্ব দিচ্ছেন। তিনি ভোট দেবেন রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। কেন্দ্রটি গুলশান-২ এলাকার ১/ডি, ৮৬ নম্বর সড়কে অবস্থিত।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেবেন।
বিএনপি স্থায়ী কমিটি সদস্যদের মধ্যে—ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লার দাউদকান্দি গয়েশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, মির্জা আব্বাস শাহাজাহানপুর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে, বাবু গয়েশ্বর চন্দ্র রায় কেরানীগঞ্জের আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, ডক্টর আব্দুল মঈন খান নরসিংদীর পলাশে চারনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
এছাড়া দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ কক্সবাজারের পেকুয়া উপজেলা সরকারি মডেল জি এম সি ইনিস্টিউট কেন্দ্রে, ইকবাল হাসান মাহমুদ টুকু- সিরাজগঞ্জের সালেহা ইশহাক সরকারি গার্লস স্কুল কেন্দ্রে, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলার লালমোহনে আব্দুল ওয়াহাব সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুরের নবাবগঞ্জের মতিহারা সরকারি হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন।
