এনসিপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৬ | অনলাইন সংস্করণ

উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। দীর্ঘ প্রতীক্ষিত এ ভোটকে ঘিরে সারা দেশে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সাধারণ ভোটারদের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন—তা নিয়েও কৌতূহল রয়েছে জনমনে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, দলটির শীর্ষ নেতারা নিজ নিজ নির্বাচনী এলাকায় ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন পরিচালনা জোটের মিডিয়া সেক্রেটারি ইয়াছিন আরাফাত এ তথ্য নিশ্চিত করেছেন।
দলের আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম রাজধানীর বাড্ডার ১৬২ নম্বর এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেবেন। সদস্য সচিব ও রংপুর-৪ আসনের প্রার্থী আখতার হোসেন কাউনিয়ার ভায়েরহাট সেন্টার (টেপা মধুপুর) কেন্দ্রে মাকে সঙ্গে নিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন।
দলের মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সকাল ৯টায় নিউমার্কেট এলাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন।
উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং ১১ জোটের পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস আলম পঞ্চগড়ের বামনকুমার রাখালদেবীহাট হাইস্কুল কেন্দ্রে দিনের প্রথম ভাগেই ভোট দেবেন।
নোয়াখালী-৬ আসনের প্রার্থী ও দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সকাল ৮টায় হাতিয়ার বুড়িরচর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।
দলের যুগ্ম আহ্বায়ক ও নরসিংদী-২ আসনের প্রার্থী সারোয়ার তুষার সকাল সাড়ে ৭টায় ঘোড়াশাল পাইলট স্কুল কেন্দ্রে ভোট দেবেন।
এ ছাড়া ঢাকা-৯ আসনের প্রার্থী জাভেদ রাসিন সকাল সাড়ে ৮টায় ৭১ নম্বর ওয়ার্ডের মারকাজুল উলুম মাদরাসা কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।
