জামায়াতের জনপ্রিয়তায় ভীত হয়ে একটি গোষ্ঠী অপতথ্য ছড়াচ্ছে: জামায়াত আমির

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০৭ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদেরকে বিভ্রান্ত করার জন্য অপতথ্য ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। অপপ্রচারে গুরুত্ব না দিতে সবাইকে আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, ‘প্রিয় সহকর্মীবৃন্দ ও দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত, তখন কেউ কেউ দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে। জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদেরকে বিভ্রান্ত করার জন্য এ ধরনের অপচেষ্টায় লিপ্ত। এসব অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার জন্য সকলকে আহবান জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘ভোট আপনার অধিকার এবং পবিত্র দায়িত্ব। আপনার পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট প্রদান করুন। গোটা দেশবাসী সেটিই প্রত্যাশা করে।’
 
‘মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।’—পোস্টের শেষাংশে যোগ করেন জামায়াত আমির।