১৩ নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ জামায়াত আমিরের

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০৮ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার নির্বাচনী আসন ঢাকা-১৫–এ দাঁড়িপাল্লার ১৩টি নির্বাচনী বুথ ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া পোস্টে তিনি এ অভিযোগ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আজ আমার নির্বাচনী আসন ঢাকা-১৫-এর দাঁড়িপাল্লার ১৩টি নির্বাচনী বুথ ভাঙচুর করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এখনো সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে আমাদের থামিয়ে দিতে চায়, তারা ভুলে যাচ্ছে- এ জাতি জুলাই পেরিয়ে এসেছে।’

তিনি আরও বলেন, ‘পেশীশক্তির রাজনীতি শেষ হয়ে গিয়েছে। জনগণকে আর দমিয়ে রাখা যাবে না। যারা দেশের পলিসি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনায় বসতে ব্যর্থ, তারাই এখন সহিংসতার আশ্রয় নিচ্ছে।’

পোস্টে শেষাংশে জামায়াত আমির বলেন, ‘ভয়-ভীতির রাজনীতি আর চলবে না। সাধারণ মানুষের বুকে যেভাবে দাঁড়িপাল্লা জায়গা করে নিয়েছে, তার প্রতিচ্ছবি আগামীকালের ভোটে ফুটে উঠবে, ইনশাআল্লাহ।’