নির্বাচন বানচালের চেষ্টা করলে জনগণই প্রতিরোধ করবে: নজরুল ইসলাম

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১০ | অনলাইন সংস্করণ

নির্বাচনে বিশৃঙ্খলা বা ভোট প্রতিরোধের যেকোনো অপচেষ্টা জনগণই রুখে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘যারা নির্বাচন প্রতিরোধ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমাদের কিছু করা লাগবে না; জনগণই তাদের প্রতিরোধ করবে। এমনকি আমরা (বিএনপি) যদি এমন কোনো চেষ্টা করি, জনগণ আমাদেরও ছাড় দেবে না।’

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল বিভিন্ন অনিয়ম ও সহিংসতার অভিযোগ জানাতে ইসিতে যান।

এ সময় নজরুল ইসলাম খান অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন ও বেআইনি কর্মকাণ্ড চললেও ইসি কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। তিনি বলেন, ‘ফেনী-১ আসনে টাকা বিলানোর ভিডিও প্রকাশ হয়েছে। ময়মনসিংহ, রামু, বগুড়ার কাহালু, লক্ষ্মীপুর এবং সৈয়দপুরসহ বিভিন্ন স্থানে জামায়াত নেতাদের বেআইনি কর্মকাণ্ড ও আটকের ঘটনা ঘটছে। আমরা এসব ঘটনার ভিডিও ও সংবাদ প্রমাণসহ ইসিতে জমা দিয়েছি এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি।’

সৈয়দপুরে জামায়াত নেতার কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনায় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের একটি মন্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘সচিব মহোদয় বলেছেন ৫ কোটি টাকা পর্যন্ত বহন করা যেতে পারে। এটি অত্যন্ত দুঃখজনক। বর্তমান পরিস্থিতিতে যেখানে বিকাশে ১০ হাজার টাকার বেশি পাঠানোতে বিধিনিষেধ আছে, সেখানে বিপুল পরিমাণ নগদ টাকা বহন করা নিশ্চিতভাবেই সন্দেহজনক।’

তবে ইসি সচিব এই বক্তব্য অস্বীকার করেছেন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সচিব দাবি করেছেন তাকে ‘মিসকোট’ করা হয়েছে। আমরা জানি না সত্য কোনটি। যদি সচিব এমন কথা বলে থাকেন তবে তা দুঃখজনক, আর গণমাধ্যম যদি ভুল প্রচার করে থাকে তবে তা উদ্দেশ্যপ্রণোদিত। সাংবাদিকদের উচিত সত্য উদঘাটন করা।’

এদিকে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের একটি ব্যাখ্যামূলক কার্ডের সমালোচনা করে বিএনপি নেতা বলেন, ‘বিমানবন্দর কর্তৃপক্ষ আগ বাড়িয়ে বলছে যে কাস্টমসের অনুমতি নিয়ে টাকা নেয়া হয়েছে। কেউ তো জানতে চায়নি, তবে তারা কেন ব্যাখ্যা দিতে গেলেন? এই টাকা কীভাবে পার হলো তা রহস্যজনক।’

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘আমাদের প্রতিপক্ষ দুর্বল নয়। যারা পরিবর্তন চায় না বা যারা নিশ্চিত পরাজয় জেনে নির্বাচন বানচাল করতে চায়, তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। এজন্য নির্বাচন কমিশনকে শক্ত ভূমিকা পালন করতে হবে। ইসি শক্ত থাকলে কেউ বিশৃঙ্খলা করার সাহস পাবে না।’