বিজয় অনিবার্য, চূড়ান্ত ফল না পাওয়া পর্যন্ত সজাগ থাকুন: মাহদী আমিন
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৯ | অনলাইন সংস্করণ

ভোট গণনা সুষ্ঠু হলে বিএনপির বিজয় অনিবার্য বলে মন্তব্য করেছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। একই সঙ্গে ভোটের চূড়ান্ত ফলাফল না পাওয়া পর্যন্ত নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গুলশানে দলের নির্বাচন পরিচালনা অফিসে নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এসময় নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী, অন্তর্বর্তীকালীন সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীসহ ভোট পরিচালনার সঙ্গে যুক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান মাহদী আমিন।
তিনি বলেন, নির্বাচনকে বিতর্কিত করার উদ্দেশ্যে বিভিন্ন স্থানে সহিংসতা ও কারচুপির চেষ্টা করা হয়েছে। তবে নিরাপত্তা বাহিনী এবং জনগণ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করেছে।
মাহদী আমিন আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ভোটারদের মধ্যে ভয় সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। তবে বিএনপির বিজয় অনিবার্য। দেশের জনগণ যে আবেগ ও আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছেন, তা গণতান্ত্রিকভাবে ম্যান্ডেট প্রতিপালন করবে।
এর আগে, দুপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পরাজয়ের আশঙ্কায় প্রতিপক্ষ রাজনৈতিক দল নানা অনৈতিক কাজ করেছে, যা নির্বাচন আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং সদস্য শায়রুল কবির খান।
