মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে নাসীরুদ্দীন পাটওয়ারীর জয়
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫৭ | অনলাইন সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সারাদিন নানা অভিযোগ ও বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে। অনেক স্থানে ইতোমধ্যেই ভোট গণনা শুরু হয়েছে। ঢাকা-৮ নির্বাচনী এলাকার শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।
ঘোষিত ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে ৫২৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট। মাত্র ৭ ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হওয়ায় কেন্দ্রটিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা গেছে।
এই আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন এবং নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন। এছাড়াও ১ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।
এর আগে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হয়।
সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়তে থাকে। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটাররা আগামীর বাংলাদেশ পুনর্গঠনে তাদের মতামত দিয়েছেন। এখন অপেক্ষা ফল প্রকাশের।
২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই সবচেয়ে বেশি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ২৯ জন।
এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থী রয়েছেন ৮০ জন। এবার ১১৯টি নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
