আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি: আসিফ মাহমুদ
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৭ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিভায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
পোস্টে আসিফ মাহমুদ বলেন, ‘আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রীসভা।’
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১২টি আসনে জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট। অন্যদিকে ৭৭ আসনে জিতে সংসদে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্য।
ছায়া মন্ত্রিসভা (শ্যাডো ক্যাবিনেট) একটি রাজনৈতিক কাঠামো যা সাধারণত বিরোধী দল গঠন করে, যা সরকারের মন্ত্রিসভার মতোই কাজ করে, তবে তার সদস্যরা ক্ষমতায় না থাকলেও বর্তমান সরকারের নীতিনির্ধারণী কার্যক্রমে পর্যবেক্ষণ ও সমালোচনা করে। ছায়া মন্ত্রিসভার উদ্দেশ্য হল, সরকারী সিদ্ধান্তগুলোর বিকল্প প্রস্তাব ও মতামত প্রদান করা এবং সরকারের কার্যক্রমের ত্রুটি বা অস্বচ্ছতা তুলে ধরা।
