ইতিবাচক রাজনীতির উদ্যোগ, তারেক রহমানকে ধন্যবাদ জানালেন সারজিস
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৮ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

ইতিবাচক রাজনীতির সূচনার উদ্যোগ গ্রহণ করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানতে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিভায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘ইতিবাচক রাজনীতির সূচনা হিসেবে বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান আজ সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামের সম্মানিত আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সংগ্রামী আহ্বায়ক জনাব নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন।’
‘পুরনো প্রতিহিংসার রাজনৈতিক কালচার বাদ দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার রাজনৈতিক দল এবং রাজনীতিবিদদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির নতুন ধারা। জনাব তারেক রহমান সেই উদ্যোগ গ্রহণ করায় আন্তরিক ধন্যবাদ।’—যোগ করেন সারজিস আলম।
উল্লেখ্য, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আজ সন্ধ্যায় তাদের বাসায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় প্রথমে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ডা. শফিকুর রহমানের বাসায় যাবেন তিনি, এরপর বেইলি রোডে অবস্থিত নাহিদ ইসলামের বাসায় যাবেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। অন্যদিকে সংসদে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। বিএনপি সূত্রে জানা যায়, দলের পক্ষ থেকে ইতিবাচক রাজনীতির সূচনা করার লক্ষ্যে প্রতিদ্বন্দ্বী দলের নেতাদের বাসায় সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান।
