জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ সমাবেশ আজ
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২২ | অনলাইন সংস্করণ
আলোকিত ডেস্ক

সারা দেশে জাতীয় নির্বাচন–পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে আজ রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যভুক্ত দলগুলো।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম–এর উত্তর গেটে এ কর্মসূচি শুরু হবে।
গতকাল রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিক্ষোভ সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন এবং বক্তব্য দেবেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। ২৯৯টি আসনে ভোট গ্রহণ হলেও ফলাফল ঘোষণা করা হয়েছে ২৯৭টির। এর মধ্যে ৭৭টি আসনে জয় পেয়েছে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট।
জোটের শরিকদের মধ্যে জামায়াত তাদের ইতিহাসের সর্বোচ্চ ৬৮টি আসন পেয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের ছাত্রনেতাদের উদ্যোগে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন। বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২টি এবং খেলাফত মজলিস পেয়েছে ১টি আসন।
নির্বাচনের পর হামলা–সহিংসতার পাশাপাশি কারচুপির অভিযোগও তুলেছে ১১ দলীয় জোট। এ ছাড়া ৩০টি আসনের ফলাফল চ্যালেঞ্জ করে আইনি লড়াইয়ে নামার ঘোষণাও দিয়েছে জোটটি।
