ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না জামায়াতের এমপিরা: শিশির মনির

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৫ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না বলে জানিয়েছেন দলটির নেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে শিশির মনির বলেন, ‘পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপি মহোদয়গণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না ইনশাআল্লাহ।’

এর আগে গত বছরের ৭ নভেম্বর সিলেট নগরের একটি কনভেনশন হলে মহানগর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে দলটির আমির শফিকুর রহমান ঘোষণা দেন, “আগামীতে আমাদের একজনও যদি এমপি নির্বাচিত হন, তাদের কেউ সরকারি প্লট নেবেন না ও বিনা ট্যাক্সের গাড়িতে চলবেন না।”

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। ২৯৯টি আসনে ভোট গ্রহণ হলেও ফলাফল ঘোষণা করা হয়েছে ২৯৭টির। এর মধ্যে ৭৭টি আসনে জয় পেয়েছে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট।

জোটের শরিকদের মধ্যে জামায়াত তাদের ইতিহাসের সর্বোচ্চ ৬৮টি আসন পেয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের ছাত্রনেতাদের উদ্যোগে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন। বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২টি এবং খেলাফত মজলিস পেয়েছে ১টি আসন।