শপথ নিতে সংসদ ভবনে আসছেন নবনির্বাচিত এমপিরা

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৮ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ আজ। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে নবনির্বাচিত এমপিরা রাজধানীর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে আসতে শুরু করেন। সকাল ৯টার পর থেকেই এমপিদের গাড়ি সংসদ ভবনের গেটে প্রবেশ করে।

সকাল ১০টায় শপথ অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ করাবেন। শপথ কক্ষে তিন ধাপে, প্রতি ধাপে ১০০ জন করে এমপি শপথ নেবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবন ও আশপাশ এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, আজ খেজুরবাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ এবং গণভবন ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেক রোডে যান চলাচল সীমিত থাকবে। এ সময় বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানিয়েছে পুলিশ।

শপথগ্রহণের পর দুপুরে বিএনপির সংসদীয় দলের বৈঠকে আনুষ্ঠানিকভাবে তারেক রহমান-কে সংসদ নেতা নির্বাচিত করা হবে। বিকেল ৪টায় দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি ও নতুন মন্ত্রিসভার সদস্যরা। পরে সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বাংলাদেশের ইতিহাসে এটি দলটির ষষ্ঠবার রাষ্ট্রীয় ক্ষমতায় প্রত্যাবর্তন। অন্যদিকে ৬৮টি আসন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদের প্রধান বিরোধী দলে পরিণত হয়েছে। দলটির সংসদীয় নেতা হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন ডা. শফিকুর রহমান।