তারেক রহমানের নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে যাবে: মির্জা ফখরুল

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২০ | অনলাইন সংস্করণ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনে সংসদীয় দলের বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা জানান। বৈঠকে সর্বসম্মতভাবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এটা একটি ঐতিহাসিক মূহুর্ত। দীর্ঘ ফ্যাসিস্ট সরকারের নির্যাতন-নিপীড়ন, গণতন্ত্রকে ধ্বংস করে দেয়া ও সংসদকে অকার্যকর করা-এসব পর্বের পরে জনগণের রক্তের বিনিময়ে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সংসদ পেয়েছি। এর মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে আমরা আমাদের তরুণ নেতা তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করেছি। আমরা আশাবাদী, তার নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, বিএনপির সংসদ সদস্যরা ডিউটি ফ্রি গাড়ি নেবেন না বলে আমাদের সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে। সরকারের কাছ থেকে তারা কোনো প্লটও নেবেন না।