ফজরের নামাজের পরই সড়ক পরিষ্কারে নামলেন বিরোধীদলীয় নেতা

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪২ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

ফজরের নামাজের পর পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে মনিপুর উচ্চ বিদ্যালয়ের মূল বালিকা শাখা সংলগ্ন বাইতুন নূর মসজিদ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন তিনি।

এ সময় ডা. শফিকুর রহমান বলেন, আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করতে চাই। আমরা একটি পরিচ্ছন্ন দেশ গড়বো।

তিনি আরও বলেন, জুলাই না আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না এবং আমিও বিরোধী দলীয় প্রধান হতে পারতাম না। তাই আমাদের সবার উচিত সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা।

কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে, গতকাল মঙ্গলবার ‘ক্লিন ঢাকা মহানগরী’ শীর্ষক কর্মসূচি ঘোষণা করে জামায়াত। কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত মহানগর উত্তরের প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান চালানোর ঘোষণা দেওয়া হয়। এ সময় বিভিন্ন এলাকার মসজিদ, মাদরাসা, স্কুল, কলেজ ও বাজারের আশপাশ পরিষ্কার করার কথা জানানো হয়।