বিএনপি মহাসচিব

রমজানে সংযমের মধ্য দিয়ে শান্তি-স্বস্তি ও ইনসাফ ফিরে আসুক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১০ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

পবিত্র মাহে রমজানে সংযম ও আত্মশুদ্ধির মাধ্যমে সমাজে শান্তি, স্বস্তি ও ইনসাফ ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পবিত্র মাহে রমজান উপলক্ষে এক বাণীতে তিনি এই কামনা করেন।

মির্জা ফখরুল বলেন, ‘পবিত্র রমজান উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। রমজানের প্রধান ইবাদত সিয়াম বা রোজা রাখা। পবিত্র এ মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামীনের নিকট করুণা ভিক্ষা করলে সন্তুষ্টচিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন। এগারো মাস অপেক্ষা এ মাস অধিক মর্যাদাশীল ও বরকতপূর্ণ মাস। আল্লাহ বলেন, ‘রমজান মাস, এতে মানুষের এবং সৎ পথের সুস্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারীরুপে কোরআন অবতীর্ণ হয়েছে।’ তাই এ মাসের বিশেষত্ব অনেক বেশী।’

তিনি আরও উল্লেখ করেন, ‘পবিত্র রমজান মাস ইবাদতের বিশেষ মওসুম, কেননা এই মাসে মানুষের গুণাহগুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে সিয়াম সাধনা। এ মাসের উদ্দেশ্য পাপ থেকে বিরত থাকা, ঈমান ও তাকওয়া অর্জন করা।’

বিএনপি মহাসচিব বলেন, ‘রমজানে রোজা ও ইবাদতে আল্লাহর আশীর্বাদ বহুগুণে বর্ষিত হয়। সংযমের মধ্য দিয়ে হিংসা-প্রতিহিংসা, অপরের অমঙ্গল কামনা, অশ্লীলতা আর পঙ্কিলতার আবর্ত থেকে মুক্ত হয়ে সমাজ জীবনে শান্তি, স্বস্তি ও ইনসাফ ফিরে আসুক-এই হোক পবিত্র রমজান মাসে আমাদের প্রার্থনা। 

সবশেষে তিনি মাহে রমজানে দেশবাসীর সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন।