গণমাধ্যমের ওপর নির্লজ্জ হস্তক্ষেপ হচ্ছে : জামায়াত আমির

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:২২ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

গণমাধ্যমের ওপর নির্লজ্জ হস্তক্ষেপ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। একইসঙ্গে সরকার বিরোধী দলের পরামর্শ না মানলে সংসদে কঠোর প্রতিবাদ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর ঢাকা-১৫ সংসদীয় আসনে এতিমদের জন্য আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, কেউ শুধু দলীয় পরিচয়ের কারণে জুলুমের শিকার হলে তার বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা হবে। শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়। যদি কেউ জুলুমের শিকার হয় তাহলে আমরা প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলব।

তিনি আরও বলেন, সরকার ও বিরোধীদল একসঙ্গে কাজ করলে মানুষের অধিকার নিশ্চিত করা সম্ভব। সরকারি ও বিরোধীদল মিলে যেন মানুষের অধিকার নিশ্চিত করতে পারি— সেই চেষ্টা অব্যাহত থাকবে।

এতিম শিক্ষার্থীদের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, এতিমদের থেকে আমরা মনিমুক্তা বের করে আনতে চাই। তাদেরকে এমনভাবে গড়ে তুলতে চাই, যেন তারা দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, যে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হন, আমরা আশা রাখব সরকার সেই কাজটাই করবে।

 

আবা/এসআর/২৫