বাংলাকে মায়ের ভাষা বলতে হলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না: বিদ্যুৎমন্ত্রী

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৩৭ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয় তাহলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ এগুলো বাংলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। যারা আমাদের মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল এগুলো তাদের ভাষা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎমন্ত্রী বলেন, আজ বাংলা ভাষা সম্পর্কে আমরা নিজেরা যদি একটু চিন্তা করতাম তাহলে আজকের জেন-জি ইনকিলাব বলতো না। তারা ইনকিলাব বললে আমার রক্তক্ষরণ হয়। এটার জন্যই মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। অথচ না গেলেও চলতো। সমাজ পরিবর্তনের জন্য জীবন দিতে গিয়েছিলাম। কিন্তু সমাজ যে উল্টো দিকে হাঁটে এখন সেটা দেখছি। ইনকিলাব, ইনকিলাব মঞ্চ ও আজাদির মতো এখন নতুন নতুন শব্দ শুনছি।

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, এসব কথা বলায় অনেকেই আমাকে ভারতের দালাল ও ‘র’এর এজেন্ট বানিয়ে ফেলবে। তারপরও আমি বলবো, কারণ এটা বলার জন্যই আমি জীবন দিতে গিয়েছিলাম, মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। মরে গেলে আজ কেউ আমার নাম নিতো না। বেঁচে আছি বলেই আজকে মন্ত্রী হয়েছি। এই ভূখণ্ড তৈরি হয়েছে বলেই আমি মন্ত্রী হয়েছি। সুতরাং দেশকে ভালোবেসে নিজেকে পরিশুদ্ধ করতে হবে।

বাংলা ভাষাকে পৃথিবীর বুকে আরও সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছে দিতে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাতৃভাষার যথাযথ চর্চা ও গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলার অবস্থান আরও শক্তিশালী করা সম্ভব।

 

আবা/এসআর/২৫