ভোরে জামায়াত আমিরের দুই বাক্যের পোস্ট ভাইরাল

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪১ | অনলাইন সংস্করণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ ভোরে দুই বাক্যের একটি সংক্ষিপ্ত পোস্ট করেছেন। 

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ৬টা ৮ মিনিটে প্রকাশিত পোস্টটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

পোস্টে ডা. শফিকুর রহমান লিখেন, ‘ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।’

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে ২ লাখ ৪৩ হাজারের বেশি রিয়্যাক্ট পড়েছে। শেয়ার হয়েছে তিন হাজার চারশোর বেশি। একই সময় ২৮ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী পোস্টটিতে মন্তব্য করেছেন।

উল্লেখ্য, ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানটি জুলাই গণঅভ্যুত্থানের সময় ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তবে সম্প্রতি এটি নতুন করে আলোচনায় আসে ভাষা ও পরিচয়বিষয়ক বিতর্ককে কেন্দ্র করে। রাজনৈতিক নেতা, ছাত্রসংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের নেতাদের পোস্টে শব্দবন্ধটি ঘুরেফিরে দেখা যাচ্ছে।

এর আগে গতকাল শনিবার সিরাজগঞ্জে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিষয়টি নতুন করে আলোচনায় আনেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির এই সংসদ সদস্য বলেন, ‌‘নিজের ভাষা ও নিজের সম্পদকে ভালবাসুন। নিজের যা আছে, সেটাকে ভালবাসুন। বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলাকে যদি আমার মায়ের ভাষা বলতে হয় তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব আমাদের ভাষা না।’

তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানটি ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা শব্দবন্ধটি ব্যবহার করে পোস্ট দিতে থাকেন।