প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বপরিবারে ইফতারের দাওয়াত জামায়াতের
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৩ | অনলাইন সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের আসন্ন ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে। প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে সেটি গ্রহণ করেছেন বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে দাওয়াতপত্র নিয়ে জামায়াতের প্রতিনিধি দল সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেন। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান মুঠোফোনে বিরোধীদলীয় নেতা জামায়াত আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের জানান, জামায়াত আমিরের অসুস্থতার খবর শুনে প্রধানমন্ত্রী তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। এটি ছিল সরকারের গঠন পরবর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে তার প্রথম সাক্ষাৎ। সাক্ষাতে প্রধানমন্ত্রী গত কয়েক দিনের সরকার পরিচালনার অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনায় জামায়াতের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, আগামী বুধবার (২৮ ফেব্রুয়ারি) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছে জামায়াত।
