ধর্ষণ ও খুনের ঘটনাগুলো গোটা জাতিকে স্তম্ভিত করেছে: জামায়াত আমির

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১৭ | অনলাইন সংস্করণ

সম্প্রতি রাজধানী ও নরসিংদীতে ঘটে যাওয়া একাধিক খুন ও ধর্ষণের ঘটনায় পুরো জাতি হতবাক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান।

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব ঘটনার নিন্দা জানান এবং উদ্বেগ প্রকাশ করেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, ঢাকায় ছয় বছর বয়সী এক শিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যা, নরসিংদীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর খুন এবং হাজারীবাগে এক স্কুলছাত্রী হত্যার ঘটনাগুলো গোটা জাতিকে স্তম্ভিত করেছে।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, এসব ঘটনায় নগ্ন রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং কিছু ক্ষেত্রে প্রশাসনের চরম শৈথিল্য স্পষ্টভাবে দেখা যাচ্ছে। অপরাধীর বিচার নিশ্চিত করার পরিবর্তে ধর্ষকের রক্ষক হয়ে ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়া করতে চাওয়ার মতো মৌলিক মানবাধিকার লঙ্ঘনের দুঃসাহস ক্ষমতায় থাকা একটি দলের নেতারা কীভাবে দেখাতে পারে, সেই প্রশ্নও তোলেন তিনি।

শিশু তাহিয়া হত্যার ঘটনার প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, কার বা কাদের ইশারায় একে ‘দুর্ঘটনা’ হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলো, তা জনগণের জানার অধিকার আছে। একই সঙ্গে তিনি জানতে চান, কারা এখন ওই মামলা তুলে নেওয়ার জন্য পরিবারকে হুমকি-ধমকি দিচ্ছে এবং তাদের উদ্দেশ্য কী। তার মতে, এসব বিষয় এখন মানুষের কাছে স্পষ্ট হয়ে উঠছে।

তিনি আরও বলেন, দলীয় পদবি ও ক্ষমতার অপব্যবহার করে নির্যাতিতদের দমিয়ে রাখা এবং নিপীড়কদের রক্ষা করা কোনো সভ্য ও গণতান্ত্রিক দেশের সংস্কৃতি হতে পারে না।

ডা. শফিকুর রহমান লেখেন, ইনসাফের প্রশ্নে কোনো আপস চলবে না। অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে স্বচ্ছ তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা, চিকিৎসা, আইনি সহায়তা ও পুনর্বাসন নিশ্চিত করার দাবি জানান তিনি।

পোস্টের শেষ অংশে তিনি মরহুমদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, দেশের মজলুম মানুষের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে তারা শামিল থাকবেন, ইনশাআল্লাহ।