এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৩ | অনলাইন সংস্করণ
আলোকিত ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের উদ্যোগে ঠিক এক বছর আগে, ২৮ ফেব্রুয়ারি, রাজনৈতিক দল হিসেবে এনসিপির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এই স্লোগান সামনে রেখে এদিন কেন্দ্রীয়ভাবে ইফতার মাহফিলের আয়োজন করেছে দলটি। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠে বিকেল ৪টা থেকে অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন উদ্যাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। তিনি জানান, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে সম্মিলিতভাবে এ আয়োজন করা হবে।
অনুষ্ঠানে ইফতারের পাশাপাশি থাকবে চিত্রপ্রদর্শনী। গত এক বছরে দলের রাজনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো নিয়ে ‘স্ট্রিট ওয়াল’ শিরোনামে একটি ধারাবাহিক প্রোমো প্রদর্শন করা হবে। পাশাপাশি থাকবে ফটো বুথ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি বিভাগীয় পর্যায়েও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। সূচি অনুযায়ী, ২ মার্চ চট্টগ্রাম, ৩ মার্চ কুমিল্লা, ৪ মার্চ সিলেট, ৫ মার্চ ময়মনসিংহ, ৭ মার্চ ফরিদপুর, ৮ মার্চ বরিশাল, ৯ মার্চ খুলনা, ১০ মার্চ রাজশাহী এবং ১১ মার্চ রংপুরে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এসব আয়োজনে দলের নেতাদের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও গুণীজনেরা অংশ নেবেন। এ ছাড়া ১৩ মার্চ ঢাকা মহানগর উত্তর এবং ১৪ মার্চ ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে পৃথক ইফতার মাহফিলের আয়োজন করা হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় জোটের সঙ্গে যুক্ত হয়ে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বীতা করে এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনসহ ছয়জন নেতা সংসদ সদস্য নির্বাচিত হন। প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে অল্প সময়ের মধ্যেই দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত দলে পরিণত হয়েছে এনসিপি।
