ছাত্রদল নেতা হামিমকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি

প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ২৩:৪৩ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

বুধবার (৪ মার্চ) সংগঠনটির দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীনস্থ কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।

একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সদস্যসচিব মো. মাহদীজ্জামান জ্যোতিকেও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে বলে আলাদা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি তানভীর বারী হামিমকে শোকজ করে কেন্দ্রীয় ছাত্রদল।

শোকজের পর ভিডিও বার্তা দেন হামিম। সেখানে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি ইফতার মাহফিল আয়োজন করায় তাকে শোকজ করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

হামিম বলেন, তাকে লিখিতভাবে জবাব দিতে বলা হলেও তিনি তা দেবেন না। তার দাবি, শোকজপত্র তাকে ব্যক্তিগতভাবে দেওয়া হয়নি, বরং সামাজিকমাধ্যমে প্রকাশ করা হয়েছে।

 

 

আবা/এসআর/২৫