এনসিপির নারী সংগঠন ‘জাতীয় নারী শক্তি’র আত্মপ্রকাশ

প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ১৬:৪৭ | অনলাইন সংস্করণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন ‘জাতীয় নারী শক্তি’র আত্মপ্রকাশ হয়েছে। সংগঠনটির আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন মনিরা শারমিন। এছাড়া সদস্য সচিব হিসেবে ডা. মাহমুদা আলম মিতু ও মুখ্য সংগঠক হিসেবে নুসরাত তাবাসসুমের নাম ঘোষণা করা হয়।

রোববার (৮ মার্চ) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক অনুষ্ঠানে সংগঠনের আত্মপ্রকাশ ঘোষণা করেন এনসিপি আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা।

অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান স্টেকহোল্ডার ছিল নারীরা। কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি প্রশ্ন সবচেয়ে বেশি শোনা যাচ্ছে, জুলাইয়ের সেই সাহসী নারীরা এখন কোথায়? 

তিনি আক্ষেপ করে বলেন, আন্দোলনের সময় নারীরা যেভাবে ব্যাপকভাবে মাঠে ছিল, পরবর্তীতে সেই হারে তাদের রাজনীতির মাঠে দেখা যায়নি। এর কারণ হিসেবে তিনি সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটকে দায়ী করেন। 

এনসিপি আহ্বায়ক বলেন, সারা দেশে জুলাইয়ে যেসব নারীর কণ্ঠস্বর হারিয়ে গেছে, তাদের খুঁজে বের করা হবে। 

নারীদের অধিকার প্রতিষ্ঠা ও অগ্রগতির লক্ষ্যে ‘জাতীয় নারী শক্তি’র এ কমিটি গঠন করা হয়েছে, পর্যায়ক্রমে কমিটির বাকি সদস্যদের নাম প্রকাশ করা হবে বলেও জানান তিনি।