এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ১৬:৪৭ | অনলাইন সংস্করণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে। রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রোগীর শারীরিক অবস্থা পর্যালোচনা করে বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী কিছুক্ষণ আগে তার অপারেশন সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, সকালে মির্জা আব্বাসের সিটি স্ক্যান করা হয়। সেই রিপোর্টে অবস্থার অবনতি ধরা পড়লে দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে। চিকিৎসকরা সবকিছু পর্যালোচনা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন এবং এ বিষয়ে পরিবারের সদস্যদের সম্মতিও নেওয়া হয়।

ডা. রফিকুল ইসলাম জানান, গঠিত মেডিকেল বোর্ডে দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন। বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ ও অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকেরা রয়েছেন।

এদিকে জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের খোঁজখবর নেন। এ সময় মেডিকেল বোর্ডের পক্ষ থেকে তার কাছে চিকিৎসা সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হয়।

ডা. রফিকুল ইসলাম আরও জানান, মির্জা আব্বাসের সুস্থতা কামনায় তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

এর আগে গত বুধবার ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে দ্রুত বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই সেখানে তার চিকিৎসা চলছিল।