ঢাকাসহ ৫ সিটিতে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ২২:৪৭ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার নির্বাচনের অংশ হিসেবে ঢাকার দুটিসহ দেশের পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে দলের মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছে চব্বিশের জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব মেয়র পদে লড়বেন। কুমিল্লা সিটি করপোরেশনে জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সিলেট সিটি করপোরেশনে এনসিপির সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল এবং রাজশাহীতে দলের রাজশাহী মহানগরের আহ্বায়ক মো. মোবাশ্বের আলী মেয়র পদে লড়বেন।

আসন্ন এপ্রিলের মধ্যেই বাকি সাতটি সিটি করপোরেশন নির্বাচনেরও প্রার্থী ঘোষণা করা হবে বলে জানায় এনসিপি। 

স্থানীয় সরকার নির্বাচন পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে বলে বিএনপি সরকার ইতোমধ্যে ঘোষণা দিয়েছে। তবে শুরুতে ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। সিটি করপোরেশন নির্বাচনের কথা এই মুহূর্তে ভাবছে না বিএনপি। সিটি করপোরেশনগুলোতে দলটির নেতাদের প্রশাসক পদে বসানো হয়েছে। এই অবস্থায় সবার আগে মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করল এনসিপি। 

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, সরকার এরই মধ্যে বিভিন্ন সিটিতে প্রশাসক নিয়োগ দিয়ে প্রশাসনকে দলীয়করণ করে ফেলেছে। নির্বাচনে প্রশাসকদের মধ্যে কেউ প্রার্থী হতে পারবে না। কোনো দলীয় প্রতীকে নির্বাচন করা যাবে না।

এসময়, আগামী ছয় মাসের মধ্যে সকল স্থানীয় সরকার নির্বাচন শেষ করার দাবি জানান নাহিদ ইসলাম।

 

আবা/এসআর/২৬