দেশকে ফ্যাসিবাদের পথে নেওয়া হচ্ছে: জামায়াত আমির

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ২০:৫০ | অনলাইন সংস্করণ

জাতীয় রাজনীতিতে সংখ্যাগরিষ্ঠতার বড়াই করে দেশকে আবারও ফ্যাসিবাদী কাঠামোর দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেস ক্লাব-এ জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-র প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে তিনি বলেন, সংসদ গণভোট মেনে নিক বা না নিক, ১১ দল গণভোটের রায় আদায় করে ছাড়বে।

বিরোধী দলীয় নেতা আরও বলেন, যে রাজনৈতিক দলে গণতন্ত্রের চর্চা নেই, তারা দেশ ও জাতিকে কোনো ইতিবাচক কিছু দিতে পারে না। সাম্প্রতিক গণঅভ্যুত্থানে অংশ নেওয়া প্রজন্মের সিদ্ধান্তই ফ্যাসিবাদের ভিত কাঁপিয়ে দেবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি দাবি করেন, যেকোনো মূল্যে ফ্যাসিবাদ প্রতিহত করা হবে এবং কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর জন্য নয়, বরং দেশের স্বার্থে ১১ দল আন্দোলন চালিয়ে যাবে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, সত্য প্রকাশের ভয়ে সংসদে বিরোধী দলের নোটিশ সামনে আসতে দেওয়া হয় না।

তেলের সংকট নিয়ে আলোচনার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান সতর্ক করে বলেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে বাংলাদেশ খাদ্য ঘাটতির মুখে পড়তে পারে।