তুরাগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ১৩:২৩ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তুরাগে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (১২ এপ্রিল) সকালে তুরাগ থানাধীন বামনারটেক এলাকার অলি মাদবর বাড়ির বস্তিতে এই সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ২৫ কেজি চাল, ১৫ কেজি অন্যান্য খাদ্যসামগ্রী, নতুন কাপড় ও লুঙ্গি দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি বলেন, আর্ত-মানবতার কল্যাণ ও মুক্তিই জামায়াতের রাজনীতির লক্ষ্য ও উদ্দেশ্য। আমরা মানুষের কল্যাণে কাজ করাকে ইবাদত হিসাবে মনে করি। 

সেলিম উদ্দিন আরও বলেন, দেশ ও জাতির যেকোন ক্রান্তিকালে জামায়াত নিজেদের সকল সামর্থ্য উজাড় করে দিয়ে জনগণের পাশে থাকার চেষ্টা করেছে। কিন্তু আমাদের সাধ অনেক হলেও সাধ্য খুবই সীমিত। তারপরও বিপদ-আপদে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও ইমানি দায়িত্ব মনে করি। সে দায়িত্বানুভূতি থেকেই আমরা আজ সামান্য হাদিয়া নিয়ে আপনাদের পাশে দাঁড়ানোর সাধ্যমতো চেষ্টা করছি। এতে ন্যূনতম কেউ উপকৃত হলে আমাদের শ্রম সার্থক হয়েছে বলে মনে করবো। 

তিনি অগ্নিদূর্গতদের পাশে দাঁড়াতে সমাজের সকল পেশা ও শ্রেণির মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সাধ্যমতো ভূমিকা পালনের আহ্বান জানান।

ঢাকা উত্তর জামায়াত আমির বলেন, বিপদ-আপদ আল্লাহর পক্ষ থেকে আসে। মূলত, বিপদ-আপদ ও জানমালের ক্ষয়ক্ষতির মাধ্যমে আল্লাহ আমাদের পরীক্ষা গ্রহণ করেন। তাই যে-কোনো বিপদে ভেঙে পড়লে চলবে না বরং আল্লাহর ওপর ভরসা রেখে  সবর ও নামাজের মাধ্যমে আগামী দিনের করণীয় নির্ধারণ করতে হবে। আল্লাহ সবরকারীদের সাথেই থাকেন। 

তিনি অভিযোগ করে বলেন, নাগরিকের যে কোনো আপদকালীন সমস্যা সমাধানের দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু তুরাগের অগ্নিকাণ্ডের পর সরকারের তেমন কোন তৎপরতা নেই। 

সেলিম উদ্দিন বলেন, মূলত; কল্যাণ রাষ্ট্রের অনুপস্থিতির কারণে জনগণ রাষ্ট্রের কল্যাণ থেকে বঞ্চিত। তাই সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা সহ নাগরিকের সকল অধিকারের নিশ্চয়তা প্রদান করতে দেশকে ইসলামী কল্যাণে রাষ্ট্রে পরিণত করার কোন বিকল্প নেই।

তুরাগ মধ্য থানা জামায়াতের আমির গাজী মনির হোসাইনের সভাপতিত্বে ও নায়েবে আমির কামরুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিল প্রার্থী এডভোকেট সুরুজ্জামান। উপস্থিত ছিলেন ৫২, ৫৩ ও ৫৪ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী জয়নব বেগম, জামায়াত নেতা মাওলানা ওয়ারেস আলী মুরাদ, জুলফিকার আলী, মাঈন উদ্দিন, সাইদুর রহমান, ওলিদ প্রমুখ।