জামায়াত আমির

সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে বিএনপি

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ১৮:৫৩ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে ক্রিকেট বোর্ড ও বিশ্ববিদ্যালয়ে নিজেদের লোক বসিয়ে বিএনপি ‘ক্যু’ শুরু করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

রোববার (১২ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ‘১১ দলীয় ঐক্য’ আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, বিএনপি দাবি করে একাত্তর তাদের, নব্বই তাদের, চব্বিশও তাদের। কিন্তু একাত্তরে তো বিএনপির জন্মই হয়নি। জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যুদ্ধ করেছেন— আমরা তাকে সম্মান করি। কিন্তু একক ক্রেডিট একজনকে দিলে বাকি যোদ্ধাদের অবস্থান কোথায় থাকে? এটা যুদ্ধকে কুক্ষিগত করার অপপ্রয়াস।

তিনি বলেন, বিএনপি জাতির সঙ্গে প্রতারণা, ধোঁকা এবং গাদ্দারি করে তাদের যাত্রা শুরু করেছে। তারা এখন সেই পুরোনো আওয়ামী ফ্যাসিস্ট বাকশালি কায়দায় একদলীয় শাসন জনগণের ওপর চাপিয়ে দিতে চাচ্ছে।

জামায়াত আমির বলেন, বিএনপি নিজেদের ৩১ দফা সংস্কারের কথা বললেও এখন তার বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা স্থানীয় সরকারে অনির্বাচিত প্রতিনিধি না রাখার প্রতিশ্রুতি দিলেও এখন সব জায়গায়— বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে ক্রিকেট বোর্ড ও বিশ্ববিদ্যালয়ে নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে। সংবিধান সংস্কারের কথা তাদের ৩১ দফার প্রথম দফা, কিন্তু এখন তারা তার বিপরীতে অবস্থান নিয়েছে।

তিনি বলেন, মিথ্যার সামনে আমরা মাথানত করবো না। প্রয়োজনে হাসতে হাসতে ফাঁসির তক্তার ওপর দাঁড়াবো, তবুও অন্যায়ের সঙ্গে আপস করব না। যতদিন সংসদের ভেতরে লড়াই করতে পারবো ততদিন থাকবো, নইলে জনগণের কাছে ফিরে যাবো। আমাদের আসল ঠিকানা রাজপথ, সংসদ আমাদের আসল ঠিকানা নয়।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, জাগপার সহসভাপতি রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের নেতারা।