সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলনের ইন্তেকাল

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১১:৪৮ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন ইন্তেকাল করেছেন।

রোববার (২৬ এপ্রিল) ভোরে ঢাকার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসক জানান, তিনি বাসাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী ফাতেমা সারোয়ার, ছেলে সাবায়ের সারোয়ার ও মেয়ে তানজিয়া সারোয়ার অমিসহ অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে গোলাম সারোয়ার মিলন বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ১৯৮৬-৯০ মেয়াদে তিনি মানিকগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ছিলেন। ১৯৮৬-৮৭ সালে শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন ছাড়াও পরবর্তীতে মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

ছাত্রজীবনেও তিনি ছিলেন সক্রিয়। জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি (১৯৮১-৮২) হিসেবে দায়িত্ব পালন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাবশালী ছাত্রনেতা হিসেবে পরিচিত ছিলেন। পরবর্তীতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হিসেবেও ভূমিকা রাখেন। রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন দল পরিবর্তন করেন এবং জীবনের শেষ পর্যায়ে বাংলাদেশ জনতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তার মৃত্যুতে মানিকগঞ্জসহ দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, আজ বাদ জোহর মানিকগঞ্জের সিঙ্গাইর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম জানাজা এবং পরে ঢাকায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।