বিদ্রোহী কবি নজরুল জাতির জাগরণের অগ্রদূত ছিলেন: মিয়া গোলাম পরওয়ার

প্রকাশ : ২৫ মে ২০২৬, ২২:০০ | অনলাইন সংস্করণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা ও কবির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (২৫ মে) দেওয়া এক শুভেচ্ছা বাণীতে তিনি কবির রুহের মাগফেরাত কামনা করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম জাতির জাগরণের অগ্রদূত ছিলেন। তিনি ছিলেন সমাজের শোষিত ও বঞ্চিত মানুষের কণ্ঠস্বর। তাঁর কবিতা ও লেখনিতে জাতির মুক্তির দিশা ও ইসলামি জাগরণ ফুটে উঠেছে। অন্যায়ের প্রতিবাদ করে আলোকিত সমাজ গঠনে উদ্বুদ্ধ করেছেন কাজী নজরুল ইসলাম। কবির ১২৭তম জন্মদিনে আমি জাতিকে নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। 

তিনি বলেন, কাজী নজরুলের চেতনাকে ধারণ করে সাহিত্য-সংস্কৃতির বিকাশ হলে আগামীর সোনালি সমাজ বিনির্মাণ সম্ভব। এজন্য তাঁর সাহিত্যকর্ম নিয়ে গবেষণার বিকাশ ও পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসতে সরকারি ও বেসরকারি উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি। 

জামায়াত সেক্রেটারি বলেন, কাজী নজরুলকে নিয়ে সরকারের যে গবেষণা প্রতিষ্ঠানটি আছে সেটি সংস্কার ও উন্নয়ন করে তরুণ প্রজন্মের মধ্যে কবির জীবন ও কর্ম তুলে ধরতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অপসংস্কৃতির আগ্রাসন হতে দেশীয় সাহিত্য ও সংস্কৃতিকে বাঁচাতে তাঁর রচনা প্রচার-প্রসারে সরকারকে বিশেষ নজর দিতে হবে।