বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ কি না, রায় ৯ জুলাই
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ২০:১৬ | অনলাইন সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিলের বৈধতা নিয়ে জারি করা রুলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ৯ জুলাই রায় ঘোষণা করবেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য এ দিন নির্ধারণ করেন।
আদালতে সারোয়ার আলমগীরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে জামায়াত সমর্থিত প্রার্থী নুরুল আমিনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির ও আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী।
মামলার নথি অনুযায়ী, ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশন সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করেছিল। পরে তিনি হাইকোর্টে রিট করলে আদালত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেন।
পরবর্তীতে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন নুরুল আমিন। আপিল বিভাগ সারোয়ার আলমগীরকে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দিলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফটিকছড়ি আসনের নির্বাচনের ফলাফল প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সারোয়ার আলমগীর বিজয়ী হলেও আদালতের নির্দেশনার কারণে এখনো ওই আসনের চূড়ান্ত ফলাফল ও গেজেট প্রকাশ করা হয়নি। সর্বশেষ আপিল বিভাগের নির্দেশে হাইকোর্টে রুলের শুনানি শেষ হয়েছে এবং আগামী ৯ জুলাই এ বিষয়ে চূড়ান্ত রায় ঘোষণা করা হবে।
