গণভোটের রায় বাস্তবায়নে ফ্যাসিবাদের পথ বন্ধ হবে: ড. হেলাল উদ্দিন

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ২০:২৬ | অনলাইন সংস্করণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করা হলে ভবিষ্যতে শেখ হাসিনার মতো একক ক্ষমতাকেন্দ্রিক ফ্যাসিবাদী শাসনের আর সুযোগ থাকবে না।

তিনি দাবি করেন, যারা একক ক্ষমতা ধরে রাখতে চায়, তারাই গণভোটের রায় মেনে নিতে অনাগ্রহী।

বুধবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর রমনা পার্ক এলাকায় জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত খাবার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হেলাল উদ্দিন বলেন, গণভোটের রায় অনুসারে জুলাই সনদ বাস্তবায়িত হলে দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয়করণ, সন্ত্রাস ও চাঁদাবাজির মতো অনিয়ম অনেকাংশে বন্ধ করা সম্ভব হবে। তিনি অভিযোগ করে বলেন, রাজনীতির নামে যারা চাঁদাবাজি করে, তারা কখনো জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারে না।

তিনি আরও বলেন, ক্ষমতাসীনদের দুর্নীতি ও চাঁদাবাজির কারণে দেশের উন্নয়নের গতি ব্যাহত হচ্ছে। শুধু সরকারের সদিচ্ছার অভাব এবং দলীয় নেতাকর্মীদের অনিয়মের কারণেই সাধারণ মানুষ এখনও দারিদ্র্য থেকে মুক্তি পাচ্ছে না।

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খানের সভাপতিত্বে এবং মজলিসে শুরা সদস্য হাফিজুর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে শাহবাগ পশ্চিম থানা কর্মপরিষদ সদস্য মাঈন উদ্দিন, আব্দুল কাইয়ুমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় পথশিশু, ছিন্নমূল, দুঃস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত শতাধিক মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।

পরে বিকেলে শাহবাগ পশ্চিম থানার উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ড. হেলাল উদ্দিন। শাহবাগ পশ্চিম থানা আমীর এডভোকেট শাহ মাহফুজুল হক চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি আবু সাদিক কায়েম।

অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন এবং এলাকাবাসীর মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন।