জনকল্যাণমুখী রাষ্ট্র গড়াই আমার প্রত্যাশা: মির্জা ফখরুল

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১৪:১৬ | অনলাইন সংস্করণ

'সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে'---এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি পদপ্রার্থী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ প্রত্যাশার কথা জানান।

মির্জা ফখরুল বলেন, 'তিনি এমন একটি বাংলাদেশ দেখতে চান, যেখানে প্রান্তিক মানুষ, খেটে খাওয়া জনগোষ্ঠী ও শ্রমজীবীরা দুই বেলা পেট ভরে খেতে পারবেন এবং নিরাপদ ও সুস্থ পরিবেশে বসবাস করতে পারবেন।' পাশাপাশি দেশের তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থান এবং নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির ওপরও গুরুত্ব দেন তিনি।

তিনি বলেন, 'বিশ্বের বুকে আমরা বাংলাদেশিরা একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে নিজেদের পরিচিত করব। আমি বিশ্বাস করি ও প্রত্যাশা করি, তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ একটি জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণ করতে সক্ষম হবে।'

দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করেন। অধিকার আদায়ের দীর্ঘ সংগ্রামে পাশে থাকা দেশবাসী, গণমাধ্যমসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, তার নেতৃত্বেই প্রত্যাশিত বাংলাদেশের গন্তব্যে দেশ পৌঁছাবে বলে তিনি বিশ্বাস করেন।

এসময় আবেগাপ্লুত কণ্ঠে মির্জা ফখরুল বলেন, 'অনেক কিছু মিস করব, যা স্মরণ করলে আমি আবেগকে ধরে রাখতে পারছি না।' সবাইকে ভালো, সুস্থ ও নিরাপদ থাকার পাশাপাশি কল্যাণমুখী রাষ্ট্র নির্মাণে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, 'আজকের এই দিনে আমার সবচেয়ে বেশি যার কথা মনে পড়ে এবং যার কথা মন কাঁদায়, তিনি হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।' খালেদা জিয়ার সান্নিধ্য ও স্নেহ পাওয়ার কথা স্মরণ করে তিনি বলেন, তার কথা মনে পড়লে এখনো আবেগাপ্লুত হয়ে পড়েন।

আজ দুপুর ২টায় জাতীয় সংসদের সংসদ কক্ষে শুরু হবে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত। রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন নির্বাচন পরিচালনা করবেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তিনি দুপুর ২টায় সংসদে গিয়ে নিজের ভোট দেবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলীয় প্রার্থী মির্জা ফখরুলের নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি। ফলে ভোট শেষে তিনিই দেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বলে রাজনৈতিক অঙ্গনে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।

গতকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের সভায় অংশ নেন মির্জা ফখরুল। রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলে এটি হবে সংসদীয় দলের সঙ্গে তার শেষ বৈঠক। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর তার ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হবে।

এদিকে গত কয়েক দিন ধরে হেয়ার রোডের ৩৫ নম্বর বাসভবনে নেতা-কর্মীদের ভিড় দেখা যাচ্ছে। নিজের নির্বাচনি এলাকা ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার নেতা-কর্মীরা তাকে একনজর দেখতে ও দোয়া জানাতে সেখানে ভিড় করছেন। মির্জা ফখরুলও সবার সঙ্গে দেখা করে দোয়া চাইছেন।