জামায়াত সুযোগ পেলে আ. লীগ থেকেও বড় ফ্যাসিস্ট হবে: প্রতিমন্ত্রী

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১৭:০৪ | অনলাইন সংস্করণ

কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ সুযোগ পেয়েছিল ফ্যাসিস্ট হওয়ার, তাই হয়েছে। জামায়াত-শিবির সেই সুযোগ পায়নি, তাই হতে পারেনি। সুযোগ পেলে জামায়াতে ইসলামী আওয়ামী লীগ থেকেও বড় ফ্যাসিস্ট হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জামায়াতকর্মীদের সঙ্গে সংঘর্ষে আহত গণঅধিকার পরিষদের কর্মী সোহানুর রহমান সোহানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী নুর। এ সময় আহত কর্মীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, 'গণঅভ্যুত্থান পরবর্তীতে প্রত্যাশা ছিল যে অংশীদাররা ফ্যাসিবাদের আমলে মজলুম ছিল, তারা সবাই মিলেমিশে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ নির্মাণ করবে। কিন্তু আমরা দেখেছি, জামায়াতে ইসলামী ক্ষমতার খায়েশ তৈরি হয়েছে। তারা ৬ মাস না যেতেই সরকারের বিরুদ্ধে নানা ধরনের বিষোদগার করছে।'

নুরুল হক নুর বলেন, 'মাঠে কর্মসূচির নামে তারা জনগণকে বিভ্রান্ত করছে। এগুলো নিয়ে কথা বলায় আজকে এই জামায়াত-শিবির তাদের শক্তি জানান দিতে কুষ্টিয়ায় তাদের উন্মাদ সংসদ সদস্যকে দিয়ে আমাদের নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলা করেছে। কুষ্টিয়া সরকারি কলেজের সাধারণ সম্পাদক মহাদিসকে কুপিয়ে তার পায়ের দুটি রগ কেটে ফেলেছে। সভাপতি সোহানকে পিটিয়ে রক্তাক্ত করেছে। তার নাকের হাড় ভেঙে গেছে, তার অপারেশন করা হয়েছে।'

নুরুল হক বলেন, 'এই জামায়াত-শিবির আওয়ামী লীগের আমলে মজলুম থাকলেও এই ৬ মাসে সারাদেশে কর্মকাণ্ডে দেখাচ্ছে, জামায়াত-শিবির একটা জালেম সংগঠনে পরিণত হয়েছে।'

জামায়াত-শিবিরকে কোনো সুযোগ দেওয়া যাবে না উল্লেখ করে নুরুল হক নুর বলেন, এরা সুযোগ পেলে ভবিষ্যতে এ দেশ জাতির জন্য ভয়ংকর বিপর্যয় নিয়ে আসবে।