৫ হাজার ইউনিয়নে একক চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করবে এনসিপি
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ২২:৪২ | অনলাইন সংস্করণ

নভেম্বরের মধ্যে দেশের ৫ হাজার ইউনিয়নে একক চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে ডিসেম্বরের মধ্যে ৫ হাজার ইউনিয়নে এবং ২০২৭ সালের জুনের মধ্যে দেশের প্রতিটি ওয়ার্ড ও অঙ্গ-সহযোগী সংগঠনে আহ্বায়ক কমিটি গঠনের পরিকল্পনার কথাও জানান তিনি।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান সারজিস আলম।
এনসিপি চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়েবের সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
সারজিস আলম বলেন, ‘বর্তমান রাজনৈতিক দলগুলোর মধ্যে যে চরিত্র দেখা যাচ্ছে; আগামীতে এর চেয়েও বেশি ফ্যাসিবাদী আচরণের প্রকাশ ঘটার আশঙ্কা রয়েছে। তাই নির্বাচনের পর এনসিপির প্রথম ও প্রধান লক্ষ্য হবে দলটির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা।’
তিনি বলেন, ‘২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের ৫ হাজার ইউনিয়নে এবং ২০২৭ সালের জুনের মধ্যে প্রতিটি ওয়ার্ড ও অঙ্গ-সহযোগী সংগঠনে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন করা হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী ডিসেম্বর-জানুয়ারিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে পারে। সে লক্ষ্যেই নভেম্বরের মধ্যে দেশের ৫ হাজার ইউনিয়নে এনসিপির পক্ষ থেকে একক চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হবে।’
এনসিপির ব্যানারে আগামী নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের সংগঠিত হয়ে দলের কমিটিতে যুক্ত হওয়ার এবং যোগাযোগ করার আহ্বান জানান সারজিস আলম।
চট্টগ্রামের নগর সমস্যা প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘বর্ষা শেষ হয়ে শরৎ ও শীত এলেই মেয়র, এমপি ও প্রশাসনের জলাবদ্ধতার কথা মনে থাকে না। পরবর্তী বর্ষা এলে আবার লোক-দেখানো কাজ বা নাটক করার জন্য হাঁটু কিংবা কোমর পানিতে নেমে ছবি-ভিডিও করা হয়।’
তিনি বলেন, ‘বিএনপির নেতৃত্বাধীন সরকারের কাছে দাবি, চট্টগ্রামের জলাবদ্ধতা ও বেহাল সড়ক নিয়ে যেন শুধু লোক-দেখানো কাজ না করে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হয়। বর্তমানে নগরের রাস্তাঘাট ও আবাসিক এলাকার যে অবস্থা, তাতে অসুস্থ মানুষের হাসপাতালে যাওয়ার চেয়ে ঘরে বসে থাকাই নিরাপদ বলে মনে হয়।’
এসময় দ্রুত চট্টগ্রামকে একটি উন্নত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান এনসিপির এই মুখ্য সংগঠক।
আবা/এসআর/২৬
