ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

বিএনপি ও বিশুদ্ধ নদী-নালার মধ্যে কোনো পার্থক্য নেই: রিজভী

বিএনপি ও বিশুদ্ধ নদী-নালার মধ্যে কোনো পার্থক্য নেই: রিজভী

বিএনপি আর বৃক্ষের মধ্যে কোনো পার্থক্য নেই। বিএনপি এবং বিশুদ্ধ নদী-নালার মধ্যেও কোনো পার্থক্য নেই। এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বিএনপি পরিবেশবান্ধব দল। বৃক্ষরোপণ, নদী-নালা ও জলাশয় রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বিএনপি কাজ করে যাচ্ছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, আগে পুরান ঢাকা অপরিচ্ছন্ন রাস্তাঘাট, নদী-নালা ও জলাশয়ের কারণে ভীতিকর মনে হতো। তবে বর্তমানে বিভিন্ন পুকুর, খাল ও জলাশয় পরিষ্কার করায় পরিবেশের পরিবর্তন দেখা যাচ্ছে।

জলবায়ু পরিবর্তনের প্রসঙ্গ তুলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিশ্বজুড়ে উষ্ণতা বাড়ছে। এই পরিস্থিতি মোকাবিলায় গাছ, মাছ, নদী, পুকুর, খাল-বিল ও জলাশয় রক্ষা করতে হবে। তা না হলে মানুষের জন্য বিশুদ্ধ বাতাস ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা কঠিন হবে।

অপরিকল্পিত নগরায়ণ পরিবেশ দূষণের অন্যতম কারণ উল্লেখ করে তিনি বলেন, আগে শরৎকালে বিল ও ঝিলের পাশে কাশফুল দেখা যেত। জলাশয় ভরাটের কারণে এখন সেই দৃশ্য কমে গেছে। তাই পরিকল্পিত নগরায়ণের পাশাপাশি পরিবেশ রক্ষায় গুরুত্ব দিতে হবে। পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। শহরে যেখানে ফাঁকা জায়গা রয়েছে, সেখানেই বৃক্ষরোপণ করতে হবে। একই সঙ্গে নদী, খাল, বিল ও জলাশয় রক্ষা করতে হবে।

রিজভী বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করেছেন। ছয় মাসে আড়াই কোটি গাছ লাগানোর লক্ষ্য থাকলেও এরই মধ্যে প্রায় তিন কোটির বেশি গাছ লাগানো হয়েছে বলে দাবি করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, শেখ হাসিনা সরকারের সময় মামলা, হামলা ও নিপীড়নের মধ্যেও বিএনপির নেতাকর্মীরা বৃক্ষরোপণ ও নদী-নালা পরিষ্কারের কর্মসূচি পালন করেছেন। করোনার সময়ও ঝুঁকি নিয়ে পুরান ঢাকার বিভিন্ন এলাকায় ত্রাণ কার্যক্রম চালানো হয়েছিল।

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন রিজভী। তিনি বলেন, এবার ডেঙ্গুর প্রকোপ থাকলেও গতবারের তুলনায় তা কম। পুকুর, বিল, ঝিল ও নালা পরিষ্কার রাখলে এডিস মশার প্রজনন কমানো সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রসঙ্গে রিজভী বলেন, আন্তর্জাতিক সংঘাতের কারণে এলএনজি আমদানিতে সমস্যা তৈরি হয়েছে। সরকার বিকল্প উৎস থেকে গ্যাস আনার চেষ্টা করছে। কারিগরি ত্রুটির কারণে বন্ধ থাকা টার্মিনাল মেরামতের কাজও চলছে। এক থেকে দুই সপ্তাহের মধ্যে জ্বালানি সংকট অনেকটা কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সিটি করপোরেশনের অর্থসংকটের বিষয়ে রিজভী বলেন, আগের সরকারের সময় ব্যাংকের টাকা লোপাট ও পাচারের কারণে আর্থিক ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে। ফলে সিটি করপোরেশন প্রয়োজন অনুযায়ী অর্থ ব্যয় করতে পারছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে উন্নয়নকাজ আরও বাড়বে বলে মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, বিএনপি জনস্বার্থের দল। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। জনগণের কল্যাণে দলটি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড ও হেলথ কার্ডের মতো কর্মসূচি নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

নারী শিক্ষার প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিএনপি সরকারের সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মেয়েদের ইন্টারমিডিয়েট পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করেছিলেন। এখন তারেক রহমান মেয়েদের বিএ ও অনার্স পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার কথা বলেছেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমানসহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

রিজভী,বিএনপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত