ছয় দফা পূরণ না হলে ১ দফা : নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২৩:১৯ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তারেক রহমানকে আমরা দায়িত্ব দিয়েছি, যারা আমাদের ভাইদের খুন করেছে, তাদের একটা একটা ধরে ফাঁসিতে ঝুলাতে। আমরা ছয় দফা নিয়ে এসেছি। সেই দাবি পূরণ না হলে ‘২৪-এর মতো ২৪ দফা যেভাবে এক দফায় পরিণত হয়েছিল, প্রয়োজনে এবারও তাই হবে। এক দফার আন্দোলন।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম লালদিঘী মাঠে ১১ দলের সমাবেশে তিনি এসব কথা বলেন।
এনসিপি নেতা আসিফ মাহমুদ ভূঁইয়া বলেন, সরকারকে বলবো, আপনাদের কাছে এমন কোনো কার্ড থাকলে দেন, যেটা দিয়ে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে। আপনারা সক্ষম না হলে, না পারলে ১১ দল আছে। তাদের কাছে ছেড়ে দেন।
জামায়াতের নায়েবে আমির শামসুল ইসলাম বলেন, বর্তমান সরকার নারী কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন কার্ড নিয়ে আছে। তারা গরীবের কথা ভাবছে না। এটা না হলে জনগণ লাল কার্ড দেখাবে।
সমাবেশের মধ্যে গ্যাস-বিদ্যুৎসহ বিভিন্ন সমস্যা নিয়ে আয়োজিত লংমার্চকে উপজীব্য করে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সংক্ষিপ্ত একটি নাটক মঞ্চস্থ করা হয়।
এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, নেজামে ইসলামে পার্টির মহাসচিব মুসা বিন ইজহার, সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান, এনসিপি নেতা আসিফ মাহমুদ ভূঁইয়া, জামায়াতের নায়েবে আমির মাওলানা আ ন ম শামসুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মোহাম্মদ শাহজাহান, জামায়াতের কেন্দ্রীয় নেতা শাহজাহান চৌধুরী এমপি, জামায়াত নেতা মাওলানা জহিরুল ইসলাম এমপি, এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির নজরুল ইসলাম, চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি প্রমুখ।
আবা/এসআর/২৬
