দেশে অরাজকতা সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার চেষ্টা চলছে: রিজভী

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ১৭:৪৪ | অনলাইন সংস্করণ

দেশে অরাজকতা ও সন্ত্রাসের পরিস্থিতি সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার চেষ্টা চলছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আসন্ন দুর্গাপূজা সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র হতে পারে। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জনঅধিকার পার্টির এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পূজা যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপিত হয়, সেই জন্য বিএনপির নেতাকর্মীসহ সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।

তিনি বলেন, আর্থিক খাতের চরম অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্যে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হয়েছে। দেশ পুনর্গঠনে কাজ করছে বিএনপি সরকার। আওয়ামী লীগ ঘনিষ্ঠরা লুটপাটের উদ্দেশ্যে যেসব ঋণ নিয়েছিল, সেগুলোর দায় এখন সরকারের ওপর এসে পড়েছে। এসব সংকট বর্তমান সরকারকে সামাল দিতে হচ্ছে।

বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, লুটপাটের অর্থ বিদেশের ক্যাসিনোতে ব্যয় করেছে ফ্যাসিস্টরা। সেই অবৈধ অর্থ ব্যবহার করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বোমা হামলাসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা চালানো হচ্ছে।

তিনি বলেন, দেশে অরাজকতা ও সন্ত্রাসের পরিস্থিতি সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার চেষ্টা চলছে। এমন পরিস্থিতিতে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবাইকে সতর্ক থাকতে হবে।