রাজনৈতিক চাপের কাছে ইসি অসহায়: গোলাম পরওয়ার
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ১৭:৪৯ | অনলাইন সংস্করণ

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছিলাম আমরা। পুলিশ দিয়ে এ নির্বাচন নিরপেক্ষভাবে পরিচালনা করা সম্ভব হবে না বলে নির্বাচন কমিশনকে (ইসি) জানিয়েছি। রাজনৈতিক চাপের কাছে বর্তমান নির্বাচন কমিশন অসহায়।
রোববার (২৫ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বৈঠকে জামায়াতে ইসলামীর সাত সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিল।
গোলাম পরওয়ার বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে সরেজমিনে পাওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে সুনির্দিষ্ট নয়টি অভিযোগ সিইসির কাছে দাখিল করেছি। একই সঙ্গে তিনটি দাবিও জানিয়েছি। অভিযোগের পক্ষে সব ধরনের প্রমাণও দিয়েছি।
তিনি বলেন, এ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছিলাম। পুলিশ দিয়ে এ নির্বাচন নিরপেক্ষভাবে পরিচালনা করা সম্ভব হবে না বলে ইসিকে জানিয়েছি। কিন্তু ইসি বলেছে, এ নির্বাচনে সেনাবাহিনীর প্রয়োজন নেই। বর্তমান কমিশন রাজনৈতিক চাপের কাছে অসহায়। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কমিশন কাজ করতে পারছে না।
তিনি আরও বলেন, নির্বাচন করার জন্য আমরা এখনো মাঠে আছি। আমরা নির্বাচন করতে চাই। তবে সে জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে হবে। ইসি জানিয়েছে, আলোচনা করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। তাঁদের কোনো অভিযোগই প্রশাসন আমলে নিচ্ছে না।
