এমপির বাড়িতে আগুন, নিরাপত্তা দিতে না পারলে জানিয়ে দিন: সংসদে নাহিদ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১৭:৩৭ | অনলাইন সংস্করণ

সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংসদ সদস্য ও জুলাই গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের নিরাপত্তা দিতে না পারলে সরকার যেন তা জানিয়ে দেয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, 'গতকাল রাতে আমাদের একজন সংসদ সদস্য, সংরক্ষিত মহিলা আসনের এনসিপি এবং ১১ দলীয় ঐক্য মনোনীত নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে আনুমানিক রাত ১২টার দিকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। চারটি পেট্রোল বোমা মেরে সেখানে আগুন লাগানো হয়। ওই বাসায় গবাদিপশু ছিল। আগুনে আক্রান্ত হয়ে সেগুলো মারা যায়।'

তিনি আরও বলেন, 'গতকাল রাত পর্যন্ত আমরা অনেকের সঙ্গেই যোগাযোগ করেছি। আর আজকে থানার ওসি মন্তব্য করেছেন যে, সেখানে কোনো পেট্রোল বোমার আলামত পাওয়া যায়নি। যেখানে আমি নিজে এসপির সঙ্গে কথা বলেছি। সেখানে কোনো ফরেনসিক টিমই যায়নি। কোনো ফরেনসিক তদন্ত ছাড়াই সেই থানার ওসি বলে দিচ্ছেন যে, এটা কোনো পেট্রোল বোমা মারা হয়নি।'

নাহিদ ইসলাম বলেন, 'থানার ওসি কীভাবে এ ধরনের মন্তব্য করতে পারেন, এটা আমার জানা নেই। এখানে স্পষ্টই সারা দেশে যে নৈরাজ্য ও নাশকতা পতিত ফ্যাসিবাদী শক্তি শুরু করেছে, তার প্রধান টার্গেট কারা, এটা কিন্তু স্পষ্ট। গত পরশুদিনও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে আক্রমণ হয়। ৪৮ ঘণ্টা পেরিয়ে গেছে, একজনও গ্রেপ্তার হয়নি। আর সারা দেশে পেট্রোল বোমা, ককটেল বিস্ফোরণ মুহুর্মুহু হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরেও ককটেল বিস্ফোরণ হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ককটেল বিস্ফোরণ হলেই সেটাকে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না।'

সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, 'সংসদ সদস্যদের বাড়িতে আগুন লাগানোর পরও আইনশৃঙ্খলার অবনতি হয়েছে বলা যাবে কি না, আজকে এই প্রশ্নটাই করতে এসেছি। এখানে স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল যে ফিরিস্তি দিয়েছেন, আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে, এটা তিনি বলেছেন ডেটা দিয়ে। আর এখানে সংসদ সদস্য থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বসহ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে। এই সরকার কি কোনো ধরনের নিরাপত্তা দেবে? তারা দিতে না পারলে সেটা আমাদের জানিয়ে দিক।'

তিনি আরও বলেন, 'যদি আমাদের মানবাধিকার না থাকে এবং শত্রুর মানবাধিকার নিয়ে এই সরকারের বেশি কনসার্ন থাকে, তাহলে আমাদের নিজেদের পথ দেখতে হবে। আর আমরা যদি প্রথম টার্গেট হই, দ্বিতীয় টার্গেট কিন্তু তাঁরাও হবেন। আমাদের পরিবার আক্রান্ত হলে তাঁদের পরিবারও কিন্তু ফ্যাসিবাদী শক্তির দ্বারা আক্রান্ত হবে। তারা এতটাই নৃশংস। ফলে আওয়ামী লীগের বিষয়ে, ফ্যাসিস্ট শক্তির বিষয়ে বিচারের প্রশ্নে এই সরকারের যে আপসকামী মনোভাব আমরা দেখছি, এ বিষয়ে সরকারের কাছ থেকে আমরা সুস্পষ্ট জবাব আশা করি।'

এ সময় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, 'বিরোধী দলীয় চিফ হুইপ যে প্রশ্নটি তুলেছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সংসদ সদস্যের বাড়িতে আক্রমণ গুরুতর ঘটনা। বিষয়টি আমি ট্রেজারি বেঞ্চকে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে বলব, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। এটা অত্যন্ত গুরুতর ঘটনা এবং আমার দৃঢ় বিশ্বাস, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে প্রতিকার করবেন।'