অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের সঙ্গে ডা. শফিকুর রহমানের মতবিনিময়

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১৭:৩৮ | অনলাইন সংস্করণ

  অস্ট্রেলিয়া ব্যুরো

অস্ট্রেলিয়ার সিডনিতে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের (ANIC) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার স্থানীয় সময় দুপুর ২টায় কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এ সভায় তিনি প্রধান অতিথি ছিলেন।

সভায় কাউন্সিলের সভাপতি শায়খ শাদি আল-সুলেইমান, অস্ট্রেলিয়ার দুজন সংসদ সদস্য, বিভিন্ন মুসলিম কমিউনিটির ইমাম এবং ইসলামি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, দেশ, ভাষা ও সংস্কৃতিতে ভিন্নতা থাকলেও বিশ্বের মুসলমানরা একই উম্মাহর অংশ। মতপার্থক্য সত্ত্বেও পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সহযোগিতার ভিত্তিতে মুসলিম কমিউনিটিগুলোর মধ্যে সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

মতবিনিময়ে বিভিন্ন মুসলিম কমিউনিটির মধ্যে যোগাযোগ বাড়ানো, সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ এবং সমাজের কল্যাণে একসঙ্গে কাজ করার বিষয়েও আলোচনা হয়। সভা শেষে অতিথিদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।