জাতীয় ঐক্যের পদক্ষেপে শর্ত আরোপ নাহিদ ইসলামের
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ২৩:১৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

জাতীয় ঐক্যের প্রথম পদক্ষেপ হিসেবে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করতে হবে বলে শর্ত দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এই পদক্ষেপের মাধ্যমে জনগণ বুঝতে পারবে, রাজনৈতিক দলগুলোর কাছে মেসেজ যাবে যে তারা (সরকার) আসলেই জাতীয় ঐকমত্য চাচ্ছে। আর না হলে বোঝা যাবে তারা শুধু ডিসেম্বরে জাতীয় ঐকমত্য চাইছে আওয়ামী লীগ ঠেকানোর জন্য। জানুয়ারিতে আবার একদলীয় কমিটির মতামত অনুযায়ী সংবিধান সংশোধন করে ফেলবে।
রোববার (২২ নভেম্বর) যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, শুধু আওয়ামী লীগ ঠেকানোর জন্য ডিসেম্বরে ঐকমত্য চাইবে, আবার জানুয়ারিতে একদলীয় কমিটির রায় অনুযায়ী সংবিধান সংশোধন করে ফেলবে, এ ধরনের কোনো জাতীয় ঐক্য প্রক্রিয়ায় আমরা অংশ নেবো না।
তিনি বলেছেন, দেশে একটা সংকটকাল চলছে। দেশের সরকারপ্রধান যখন সংলাপের আহ্বান জানান, তখন দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে অবশ্যই আমরা সেখানে সাড়া দেবো।
নাহিদ ইসলাম বলেন, আমরা আসলে শুনতে চাচ্ছি, প্রধানমন্ত্রী কী চাচ্ছেন। কীভাবে দেশকে এগিয়ে নিতে চাচ্ছেন, কীভাবে এই পরিস্থিতি মোকাবিলা করতে চাচ্ছেন।
তিনি বলেন, জাতীয় ঐক্যর অবশ্যই সুস্পষ্ট ভিত্তি থাকতে হবে, অঙ্গীকার থাকতে হবে। বিগত সময়ে যে অঙ্গীকার সরকার ভঙ্গ করেছে, তার জন্য ক্ষমা চাইতে হবে। এমন কিছু করার মাধ্যমে জাতীয় ঐক্যর শুরু করতে হবে, যেন আমরা আশ্বস্ত হই।
এনসিপির আহ্বায়ক বলেন, গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার সঠিক বিচার তরান্বিত করা এবং সামনে আসন্ন গঙ্গা চুক্তির নবায়নসহ মৌলিক ইস্যুগুলোয় বর্তমান সরকার যদি অঙ্গীকারাবদ্ধ হয়, তবেই জাতীয় ঐক্য হতে পারে।
আবা/এসআর/২৬
