অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১০:২৮ | অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। জামায়াতের আমিরকে ফুল দিয়ে স্বাগত জানান দলটির কয়েকজন শীর্ষ নেতা।

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে যাত্রা করেন জামায়াত আমির। তাকে বিদায় জানাতে বিমানবন্দরে সমবেত হন বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি। ফুলেল শুভেচ্ছা, কুশল বিনিময় ও আবেগঘন পরিবেশে তারা জামায়াতের আমিরকে বিদায় জানান।

সফরকালে ডা. শফিকুর রহমান সিডনি ও অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে বিভিন্ন সংবর্ধনা, আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন। 

এসব অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, পেশাজীবী, শিক্ষাবিদ, কমিউনিটি প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জামায়াত আমিরের নেতৃত্বে বাংলাদেশ থেকে যাওয়া প্রতিনিধিদলে ছিলেন- ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার একান্ত সচিব মুহাম্মদ নজরুল ইসলাম।

গত ২০ নভেম্বর রাতে সিডনিতে পৌঁছানোর মধ্য দিয়ে জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর শুরু হয়। পরদিন ২১ নভেম্বর তিনি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজ ও মতবিনিময়ে অংশ নেন। 

একইদিন বিকেলে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ব্যাংকসটাউন ক্যাম্পাস অডিটরিয়ামে শিশু-কিশোরদের আনন্দমেলা এবং শিবিরের সাবেক নেতাদের উদ্যোগে ‘রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় যোগ দেন।

২২ নভেম্বর ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ক্যাম্পবেলটাউন ক্যাম্পাস অডিটরিয়ামে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত ‘জুলাই আপরাইজিং অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক বৃহত্তর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও কমিউনিটি সংগঠনের প্রতিনিধি ছাড়াও বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

২৩ নভেম্বর ক্যানবেরার ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রবাসীদের সঙ্গে কথা বলেন ডা. শফিকুর রহমান। এ সময় দেশের উন্নয়নে প্রবাসীদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান তিনি।