শেখ হাসিনার আশকারায় যেভাবে ‘সিরিয়াল কিলার’ হয়ে ওঠেন জিয়াউল আহসান

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ২১:০৯ | অনলাইন সংস্করণ

ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে রাজনৈতিক প্রতিপক্ষ ও সরকারের জন্য হুমকি হয়ে ওঠা ব্যক্তিদের গুম, নির্যাতন ও হত্যার পরিকল্পনা করা হয়েছিল। আর সেই পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়-প্রশ্রয় ও রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের সুযোগে একের পর এক গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি। একপর্যায়ে হয়ে ওঠেন ভয়ঙ্কর ‘সিরিয়াল কিলার’।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মানবতাবিরোধী অপরাধের মামলায় টানা তিন দিনের যুক্তিতর্কে জিয়াউল আহসানের বিরুদ্ধে এমন ভয়াবহ অভিযোগ তুলে ধরেছে রাষ্ট্রপক্ষ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পর্যন্ত শুনানিতে শতাধিক মানুষকে গুম, হত্যা ও নির্যাতনের অভিযোগের পাশাপাশি এসব অপরাধের পরিকল্পনা, বাস্তবায়ন এবং গোপন বন্দিশালার ব্যবহার নিয়ে বিস্তারিত বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাষ্ট্রপক্ষের সমাপনী যুক্তিতর্কে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল জিয়াউল আহসানকে ‘জঘন্য সিরিয়াল কিলার’ আখ্যা দিয়ে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন। একই সঙ্গে তার সম্পত্তি বাজেয়াপ্ত করে তা ভুক্তভোগী পরিবারগুলোকে ক্ষতিপূরণ হিসেবে দেয়ার আবেদন জানান।

শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়নের অভিযোগ

প্রথম দিনের যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম, নির্যাতন ও হত্যার বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। নিজের ৩৮ বছরের আইন পেশার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, বহু ভয়াবহ অপরাধের আসামি দেখলেও জিয়াউল আহসানের মতো নির্মম কাউকে দেখেননি। তাকে ‘মনস্টার’ বা দানব আখ্যা দিয়ে তার নিষ্ঠুরতার বর্ণনা দেন চিফ প্রসিকিউটর।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, জিয়াউল আহসানের বিরুদ্ধে তিনটি সুনির্দিষ্ট ঘটনায় ১০৩ জনকে হত্যা এবং মানবতাবিরোধী অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এর মধ্যে ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুরের পুবাইলে সজলসহ তিনজনকে হত্যার অভিযোগ রয়েছে। অন্য দুটি ঘটনায় বরগুনার পাথরঘাটার চরদুয়ানী এলাকায় বলেশ্বর নদীর মোহনা ও সুন্দরবন-সংলগ্ন এলাকায় বনদস্যু দমনের অভিযানের আড়ালে প্রায় ৫০ জন করে মানুষকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

দ্বিতীয় দিনের যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দেশে গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি গড়ে উঠেছিল। কাউকে ইচ্ছামতো হত্যা, ক্রসফায়ারের নামে প্রাণ কেড়ে নেয়া কিংবা বলপূর্বক গুম করে দেয়ার প্রবণতা তৈরি হয়েছিল।

জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে হত্যার তথ্য পাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, সাক্ষীদের বক্তব্যে হত্যার সংখ্যা ১৫০ থেকে ২০০ পর্যন্ত উঠে এসেছে। তদন্তে ১১৫ জন হত্যার তথ্য পাওয়া গেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে।

একই দিনের যুক্তিতর্কে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও বলপূর্বক গুমের পরিকল্পনা এসেছিল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে, আর তা বাস্তবায়ন করেছিলেন জিয়াউল আহসান। ক্ষমতা ধরে রাখাই ছিল এসব অপরাধের মূল উদ্দেশ্য। সরকারের জন্য হুমকি হয়ে ওঠা কিংবা প্রতিবাদী ব্যক্তিদের সরিয়ে দেয়ার নীতি গ্রহণ করা হয়েছিল।

তামিমের ভাষ্য অনুযায়ী, এ পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন স্থানে গোপন বন্দিশালা গড়ে তোলা হয়। সেখানে মানুষকে আটকে রেখে নির্যাতন, গুম ও হত্যার ঘটনা ঘটত। এসব অপরাধ বিচ্ছিন্ন ঘটনা ছিল না; বরং দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে একই ধরনের অপরাধ সংঘটিত হয়েছে।

বিভিন্ন বাহিনীর গোপন বন্দিশালার অভিযোগ

দ্বিতীয় দিনের শুনানিতে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, রাষ্ট্রের আশ্রয়-প্রশ্রয় ও সরকারের নীরবতার কারণেই এ ধরনের ব্যক্তিরা সরকারি পদে থেকে নৃশংস অপরাধ করার সাহস পেয়েছিলেন। দিনের পর দিন এসব অপরাধ চলেছে, মানুষের জানমাল তাদের হাতে জিম্মি হয়ে পড়েছিল।

তিনি আরও বলেন, মামলার প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া একসময় জিয়াউল আহসানকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন। এ কারণে তিনি সেনানিবাসে প্রবেশ করতে পারতেন না।

অন্যদিকে, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, গুম ও হত্যার শিকার ব্যক্তিদের আটকে রাখতে পুলিশ, র‌্যাব, গোয়েন্দা পুলিশ (ডিবি), কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিভিন্ন স্থানে গোপন বন্দিশালা ছিল।

এসব বন্দিশালায় মানুষকে দিনের পর দিন আটকে রেখে স্বজনদের কাছ থেকে বিচ্ছিন্ন করা হতো। কাউকে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হতো, আবার কাউকে দীর্ঘদিন আটকে রেখে নির্যাতন করা হতো বলে অভিযোগ করেন তিনি।

নদীতে নিয়ে হত্যা, মরদেহে বেঁধে দেয়া হতো সিমেন্টের বস্তা

তৃতীয় দিনের যুক্তিতর্কে জিয়াউল আহসানের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী (বডিগার্ড) ইমরুল কায়েসের জবানবন্দির বরাত দিয়ে কয়েকটি হত্যাকাণ্ডের বিবরণ তুলে ধরেন চিফ প্রসিকিউটর।

তার দাবি, পিলখানায় বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের পর দেশজুড়ে পরিচালিত অভিযানের আড়ালে ৮ থেকে ১০ জন বিডিআর সদস্যকে হত্যা করা হয়। তৎকালীন কর্নেল জিয়াউল আহসানের নেতৃত্বে এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। কখনো ইনজেকশন পুশ করে, কখনো নদীর মাঝখানে নিয়ে মাথায় গুলি করে তাদের হত্যা করা হতো। পরে মরদেহ সিমেন্টভর্তি বস্তা ও রশি দিয়ে পেঁচিয়ে পানিতে ফেলে দেয়া হতো, যাতে সেগুলো ভেসে না ওঠে।

ইমরুল কায়েসের জবানবন্দির বরাত দিয়ে ২০১২ সালের শুরুর দিকের আরেকটি ঘটনার বিবরণ দেন চিফ প্রসিকিউটর। ওই সময় তিনটি মাইক্রোবাসে করে ১১ জন আসামিকে পোস্তগোলা সেনা ক্যাম্পে নেয়া হয়। পরে একটি বোটে করে তাঁদের নদীর মাঝখানে নিয়ে যাওয়া হয়। একজন আসামি পানিতে ঝাঁপ দিলে জিয়াউল আহসান তাকে ধরে আনার নির্দেশ দেন। ইমরুল পানিতে ঝাঁপ দিয়ে ওই ব্যক্তিকে ধরে বোটে তোলেন। পরে ১১ জনকেই হত্যা করে মরদেহ পানিতে ফেলে দেয়া হয় বলে জবানবন্দিতে উল্লেখ রয়েছে।

এছাড়া ২০১১ সালের রমজান মাসের শেষ দিকে উত্তরার নর্থ টাওয়ার এলাকায় চারজনকে গুলি করে হত্যার অভিযোগও তুলে ধরে রাষ্ট্রপক্ষ। তাদের ডাকাতির প্রস্তুতির অভিযোগে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে বলে জানানো হলেও ইমরুল কায়েসের দাবি, পুরো অভিযানটি ছিল সাজানো।

জাফলং সীমান্তে দুই ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ

তৃতীয় দিনের শুনানিতে ২০১২ সালের মাঝামাঝি সিলেটের জাফলং সীমান্তে দুই ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগও তুলে ধরে রাষ্ট্রপক্ষ।

ইমরুল কায়েসের জবানবন্দি অনুযায়ী, র‌্যাব-১-এর টিএফআই সেল থেকে দুই আসামিকে নিয়ে জিয়াউল আহসানের নেতৃত্বে তারা জাফলং সীমান্তে যান। রাত ২টার দিকে সেখানে পৌঁছানোর পর ভারতের দিক থেকে সাদা পোশাকে চার-পাঁচজন ব্যক্তি এসে দুজন আসামিকে তাদের হাতে তুলে দেন। বিনিময়ে তাদের কাছে থাকা দুজনকে ওই ব্যক্তিদের হাতে দেয়া হয়।

পরে ভারত থেকে আনা দুজনকে নিয়ে ঢাকায় ফেরার পথে জাফলং সীমান্ত থেকে ২০-৩০ কিলোমিটার দূরে একজনকে গাড়ি থেকে নামিয়ে গুলি করেন জিয়াউল আহসান। আরও ১০-১২ কিলোমিটার যাওয়ার পর দ্বিতীয় ব্যক্তিকেও একইভাবে গুলি করে হত্যা করা হয় বলে জবানবন্দিতে উল্লেখ করেন ইমরুল।

ইলিয়াস আলীকে গুমের কথিত স্বীকারোক্তি

বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে গুমের বিষয়েও জিয়াউল আহসানের কথিত স্বীকারোক্তির বিবরণ তুলে ধরেন চিফ প্রসিকিউটর। ইমরুল কায়েসের জবানবন্দির বরাত দিয়ে তিনি বলেন, ২০১২ সালের ১৩ এপ্রিল জিয়াউল আহসান, মেজর নওশাদ ও স্কোয়াড্রন লিডার সাইফসহ তারা মহাখালী ফ্লাইওভারের দিকে গিয়েছিলেন। সেখানে একজন ব্যক্তির আসার অপেক্ষায় ছিলেন তারা। পরে ওই ব্যক্তি না আসায় ইমরুল জিয়াউল আহসানকে বাসায় পৌঁছে দেন।

এরপর ৯ দিনের ছুটিতে যান ইমরুল। ছুটিতে থাকাকালে গণমাধ্যমে এম ইলিয়াস আলী মহাখালী ব্রিজ এলাকা থেকে অপহৃত হওয়ার খবর জানতে পারেন। ২৩ এপ্রিল কর্মস্থলে ফিরে র‌্যাব সদর দপ্তরে অস্বাভাবিক পরিস্থিতি দেখতে পান বলে জবানবন্দিতে উল্লেখ করেন তিনি। অন্য সদস্যদের কাছ থেকে জানতে পারেন, অস্ত্রের ইন-আউট রেজিস্টার ও সিসিটিভি ক্যামেরার ফুটেজ জিয়াউল আহসান নষ্ট করে ফেলেছেন।

ইমরুলের জবানবন্দি অনুযায়ী, একদিন ফল-ইনের সময় জিয়াউল আহসানকে ফোনে কথা বলতে শোনেন তিনি। এসময় অন্য একটি কল এলে তিনি বলেন, ‘তুই রাখ, তারিক স্যার ফোন দিয়েছেন।’ পরে তারিক আহমেদ সিদ্দিকের সঙ্গে কথা বলার সময় জিয়াউল আহসান বলেন, ‘স্যার, আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গলফ করলাম। এখন আপনারা এমন করলে হবে?’

রাষ্ট্রপক্ষের দাবি, এই কথোপকথন ইলিয়াস আলীকে গুমের ঘটনায় জিয়াউল আহসানের সংশ্লিষ্টতার গুরুত্বপূর্ণ প্রমাণ। ইমরুল কায়েস নিজে ওই কথোপকথন শুনেছেন বলেও জবানবন্দিতে উল্লেখ করেছেন। এখানে ‘গলফ’ শব্দটি অপহরণের প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে বলে দাবি প্রসিকিউশনের।

‘জঘন্য সিরিয়াল কিলার’ আখ্যা দিয়ে মৃত্যুদণ্ড দাবি

বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগের ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, তার অপরাধ সমুদ্রসম। তাকে মৃত্যুদণ্ড দেয়া হলেও তা হবে কেবল একটি শিশিরবিন্দু।

অ্যাটর্নি জেনারেল বলেন, একের পর এক মানুষকে তুলে নেয়া, গোপনে আটকে রাখা, নির্যাতন, হত্যা এবং মরদেহ গুম করার মতো ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় ক্ষমতা ও দায়িত্বের অপব্যবহার করে মানুষের জীবন কেড়ে নেয়া হয়েছে। এসব ঘটনায় অসংখ্য পরিবার স্বজন হারিয়েছে। কোনো রায়ই মায়ের কাছে সন্তানকে, স্ত্রীর কাছে স্বামীকে কিংবা সন্তানের কাছে বাবাকে ফিরিয়ে দিতে পারবে না। তবে অপরাধের বিচার হতে হবে।

তিনি প্রশ্ন তোলেন, জিয়াউল আহসানের মতো ব্যক্তিরা কীভাবে দানবে পরিণত হয়েছিলেন? গুমের পর মানুষের খোঁজ পাওয়া যাবে না কিংবা এসব অপরাধের বিচার হবে না—এমন নিশ্চয়তা তাদের কে দিয়েছিল?

জিয়াউল আহসানকে নৃশংস খুনি, মানবতাবিরোধী অপরাধী, ঘৃণ্য বিশ্বাসঘাতক, জঘন্য সিরিয়াল কিলার ও বিশ্বমানবতার কলঙ্ক আখ্যা দিয়ে তার মৃত্যুদণ্ড দাবি করেন অ্যাটর্নি জেনারেল। পাশাপাশি তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগী পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেয়ার আবেদন জানান তিনি।

এদিকে সাবেক চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম বলেন, বাংলাদেশের ইতিহাসে জিয়াউল আহসানের মতো সিরিয়াল কিলার কখনো আসেননি, ভবিষ্যতেও আসবেন না।

এখন আসামিপক্ষের যুক্তিতর্ক

রাষ্ট্রপক্ষের দাবি, মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য, দালিলিক প্রমাণ, নথি ও অন্যান্য আলামতের মাধ্যমে জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। মামলায় রাষ্ট্রপক্ষের ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে। অন্যদিকে, আসামিপক্ষের একমাত্র সাফাই সাক্ষী হিসেবে আইনজীবী তাসলিমা জাহান পপি সাক্ষ্য দিয়েছেন।

বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেলের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। এখন আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের পালা। উভয় পক্ষের বক্তব্য ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে পরবর্তী সময়ে মামলার রায়ের বিষয়ে সিদ্ধান্ত নেবেন ট্রাইব্যুনাল।