ডিসেম্বর সামনে রেখে বিএনপির বিশেষ প্রস্তুতি, ৫ সদস্যের বিশেষ টিম গঠন
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ২১:৪০ | অনলাইন সংস্করণ

দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য রাজনৈতিক তৎপরতা ও নাশকতা মোকাবিলায় তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি।
এ লক্ষ্যে পাঁচ সদস্যের একটি বিশেষ টিম গঠন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
এরই মধ্যে খুলনা ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করে সাংগঠনিক পরিস্থিতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন টিমের সদস্যরা।
দলীয় সূত্র জানায়, সম্ভাব্য নাশকতা মোকাবিলার পাশাপাশি তৃণমূলে সাংগঠনিক নিয়ন্ত্রণ ও দলীয় শৃঙ্খলা বজায় রাখাও এই টিমের অন্যতম লক্ষ্য। বিশেষ করে ডিসেম্বর সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় রাখা এবং কেন্দ্রের সঙ্গে তৃণমূলের যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে বিএনপির হাইকমান্ড।
বিশেষ টিমে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সরকারের মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক ও প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, কেন্দ্রীয় বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এবং হুইপ মিয়া নুরুদ্দিন অপু।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তারা সাংগঠনিক দায়িত্ব পালন করছেন। টিমকে সার্বিকভাবে সহযোগিতা করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা এবং রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় সতর্ক অবস্থান নিয়েছে বিএনপির হাইকমান্ড। কোনো পক্ষ যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে তৃণমূলের নেতাদের সতর্ক করা হচ্ছে। একই সঙ্গে উসকানিতে পা না দেওয়া এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এরই মধ্যে খুলনা ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন বিশেষ টিমের সদস্যরা। এসব বৈঠকে স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক শক্তি, নেতাকর্মীদের সক্রিয়তা, অভ্যন্তরীণ বিরোধ এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত করে তা কাটিয়ে ওঠার নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খুলনা বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর বিভাগের পাঁচ জেলার নেতাদের সঙ্গে বৈঠক হয়। জেলাগুলো হলো ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর। এসব জেলার সভাপতি-সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্যসচিবদের পাশাপাশি নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী ও নির্বাচিত সংসদ সদস্যরাও বৈঠকে অংশ নেন।
বৈঠকের বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাংগঠনিক বিভাগের নেতৃবৃন্দ ও সংসদ সদস্যদের সঙ্গে সাংগঠনিক ও রাজনৈতিক বিষয়ে মতবিনিময় করা হয়েছে। এ কার্যক্রম চলমান থাকবে।
বিশেষ টিমের দায়িত্বে থাকা একজন নেতা জানান, টিমের কার্যক্রমের মাধ্যমে তৃণমূলের সাংগঠনিক দুর্বলতা ও স্থানীয় পর্যায়ের সমস্যাগুলো চিহ্নিত করা হবে। একই সঙ্গে কেন্দ্রের সঙ্গে জেলা ও উপজেলা নেতৃত্বের যোগাযোগ বাড়ানো এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।
বিএনপির নেতাদের মতে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শুধু কেন্দ্রীয় নির্দেশনা দিয়ে পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব নয়। এজন্য জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে দলীয় যোগাযোগ এবং সমন্বয় জোরদার করা প্রয়োজন। স্থানীয় পর্যায়ে কোনো সন্দেহজনক তৎপরতা বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা যাচাই করে প্রশাসনকে জানানোর নির্দেশনাও দেওয়া হচ্ছে। কেউ যেন ব্যক্তিগত উদ্যোগে সংঘাতে না জড়ান, সে বিষয়েও সতর্ক করা হচ্ছে।
বিশেষ করে আগামী ডিসেম্বর ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়তি সতর্কতা অবলম্বন করছে বিএনপি। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য রাজনৈতিক তৎপরতা এবং বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতার ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছে দলটির হাইকমান্ড।
গোপালগঞ্জসহ কয়েকটি এলাকায় সহিংসতা এবং শ্রমিক অসন্তোষের ঘটনাও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করেছে। এমন পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের মাঠপর্যায়ে সক্রিয় রাখার পাশাপাশি রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে বিএনপি।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় সংসদ সদস্যদেরও নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থান করে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর নির্দেশ দিয়েছেন। সংসদীয় দলের সভায় তিনি অভ্যন্তরীণ বিরোধ মিটিয়ে ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলা এবং রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচিতে সক্রিয় থাকার তাগিদ দেন। অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদেরও মাঠপর্যায়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
